শতভাগ কারখানা বেতন-ভাতা দিয়েছে: বিজিএমইএ
পোশাক শ্রমিকরা ঈদের ছুটিতে যাওয়ার আগে বড় ধরনের গোলযোগ ছাড়াই ‘শতভাগ’ গার্মেন্টে বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু সোমবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, “বিজিএমইএ বেতন-ভাতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় ৭০০ কারখানায় মনিটরিং করেছে। সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে সমস্যাকবলিত ২১টি কারখানায় শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে কোনো কারখানায় বেতন-ভাতা বাকি আছে বলে আমাদের জানা নেই।”
এবার ২২ অগাস্ট কোরবানির ঈদ সামনে রেখে ১৬ তারিখের মধ্যে সব কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করতে বলেছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ১০ অগাস্টের মধ্যে জুলাই মাসের বেতন দেওয়ারও নির্দেশনা দিয়েছিলেন।
মহাসড়কে যানজট এড়াতে প্রতিবছরের মত এবারও অঞ্চলভেদে গার্মেন্ট কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেওয়া হয়েছিল।
সোমবার পর্যন্ত ৯০ ভাগ কারখানায় ছুটি দেওয়া হয়েছে জানিয়ে মিন্টু বলেন, বাকি কারখানাগুলোতেও সোমবার ছুটির প্রস্তুতি চলছিল।
“ঈদ উপলক্ষে কারখানা মালিকরা এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখে ও সময়ে ছুটি দিয়েছেন। কিছু কারখানায় গত শুক্রবার, কিছু কারখানার গত শনিবার ও কিছু কারখানায় রোববার ছুটি হয়েছে। বাকি কারখানার শ্রমিকরা আজ ছুটিতে যাচ্ছে।”
অন্যদের মধ্যে বিজিএমইএ সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মুনির হোসেন ও আ ন ম সাইফউদ্দীন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও খবর
