আইপিএফএফ-টু প্রকল্পে তালিকাভুক্ত হল ৮ বাণিজ্যিক ব্যাংক
ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি-টু (আইপিএফএফ-টু) প্রকল্পের আওতায় পার্টিসিপেটিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিশন (পিএফআই) হিসেবে তালিকাভুক্ত হতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আট বাণিজ্যিক ব্যাংক।
বিশ্ব ব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে আট ব্যাংকের বাইরে চারটি আর্থিক প্রতিষ্ঠানও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিএফএফ-টু প্রকল্পের আওতায় আসা ব্যাংকগুলো হল ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, দ্য সিটি ব্যাংক।
চুক্তিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠানগুলো হল- আইডিএলসি ফিন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড।
আইপিএফএফ-টু প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪০৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ৩১৭৭.১২ কোটি টাকা দীর্ঘমেয়াদী ঋণ বিতরণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ প্রকল্পের আওতায় অর্থায়নযোগ্য খাতগুলো হল- বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও সেবা, বন্দর (স্থল, জল ও বিমান) নির্মাণ ও উন্নয়ন, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ ও স্যুয়ারেজ ব্যবস্থাপনা এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্ক উন্নয়ন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও আইপিএফএফ-টু প্রকল্পের প্রকল্প পরিচালক আহমেদ জামাল।
এছাড়াও বিশ্ব ব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও আইপিএফএফ-টু প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রথীন কুমার পাল উপস্থিত ছিলেন।
