লাফার্জহোলসিমের সরবরাহকারীরা বিল পাবেন সিটি ব্যাংকে
লাফার্জহোলসিম বাংলাদেশের (এলএইচবিএল) সিমেন্ট সরবরাহকারীরা এখন থেকে বিল পাবেন সিটি ব্যাংক এনএ-এর মাধ্যমে।
সোমবার লাফার্জহোলসিমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন রাজধানীর তেজগাঁওয়ে এলএইচবিএলের করপোরেট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ কে সুরানা এবং সিটি ব্যাংকের কান্ট্রি অফিসার এন রাজাশেকারান (শেখর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই চুক্তির মাধ্যমে এলএইচবিএল এর ‘সাপ্লায়ার ইনভয়েস ফিন্যান্সিং’ প্রোগ্রাম বাস্তবায়িত হবে। যার ফলে এলএইচবিএলের সরবরাহকারীরা তাদের ইনভয়েসের বিপরীতে সিটি ব্যাংক এন.এ. থেকে নির্ধারিত সময়ের আগেই পেমেন্ট সংগ্রহ করতে পারবেন।”
সাধারণ কিছু শর্ত মেনে লাফার্জহোলসিমের সরবরাহকারীরা দ্রুত পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যবসায়িক সুনাম, অতীত রেকর্ড এবং কোম্পানির সাথে সম্পর্ককে বিবেচনা করে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয় সরবরাহকারীদের।”
