২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজের তামাকের ব্যবসা কিনছে জাপান টোবাকো

আকিজ গ্রুপের তামাকের ব্যবসা ১২ হাজার ৪৩০ কোটি টাকায় (১৪৮ কোটি ডলার) কিনছে জাপান টোবাকো ইনকর্পোরেটেডের (জেটিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 03:53 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের প্রধান কার্যালয়ে এবিষয়ে দুপক্ষের মধ্যে চুক্তি সই হয় বলে জেটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে চলতি অর্থবছরের মধ্যেই আকিজ গ্রুপের তামাক বিভাগ (ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি) অধিগ্রহণের কাজ শেষ করবে জেটিআই।

তামাক শিল্পে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম আকিজের তামাক বিভাগ অধিগ্রহণ করে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জেটিআই এশিয়ায় নিজের অবস্থান জোরদার করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ গ্রুপের চেয়ারম্যান এস কে নাসির উদ্দিন, আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে বাশির উদ্দিন, আকিজ গ্রুপের সিএফও শামসুদ্দিন আহমেদ, জাপান টোবাকো ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও এডি পিরার্ড, জাপান টোবাকো ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার ম্যাক্স লোভাচেভ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন র্কতৃপক্ষের (বিডা) চেয়ারম্যান এম আমিনুল ইসলাম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।

জেটিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুৎসুও আইওয়াই বলেন, “এই বিনিয়োগের মাধ্যমে আমরা উদীয়মান বাজারগুলোতে আমাদের উপস্থিতি বৃদ্ধি অব্যাহত রেখেছি; এটি জেটি গ্রুপের প্রবৃদ্ধির কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

“আকিজ গ্রুপের উল্লেখযোগ্য মার্কেট শেয়ার বাংলাদেশে আমাদের সরাসরি দ্বিতীয় অবস্থানে নিয়ে যাবে, যা আমাদের বৃদ্ধিকে আরও সম্প্রসারিত করবে। এই চুক্তি আমাদের মধ্যম থেকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল মুনাফা বৃদ্ধির লক্ষ্যকেও সহায়তা করবে।”

জেটিআই প্রেসিডেন্ট এডি পিরার্ড বলেন, “দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং ব্যবসাবান্ধব হওয়ায় বাংলাদেশে আমরা উপস্থিতি বাড়াতে আগ্রহী। আকিজ গ্রুপের লাভজনক তামাক বিভাগের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির উৎপাদন ব্যবস্থা, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা ও বিশাল কর্মীবাহিনী।

“আমাদের শক্তিশালী রেকর্ডের সাথে একত্রিত করে সুপ্রতিষ্ঠিত পোর্টফোলিওর পাশাপাশি আমাদের কার্যকরী দক্ষতা বাড়িয়ে তুলতে পারি এবং আকিজের ব্র্যান্ডগুলোর পাশাপাশি আমাদের কিছু ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের সঙ্গে সাথে পরিচয় করিয়ে দিতে পারি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সিগারেট বাজার বিশ্বের মধ্যে ৮ম, যার পাঁচ ভাগের এক ভাগ আকিজ টোবাকোর দখলে রয়েছে। বাংলাদেশে সিগারেটের বাজারে ৯০ শতাংশে তামাক উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম আকিজের উপস্থিতি রয়েছে। আকিজের ব্র্যান্ডগুলোর মধ্যে নেভি ও শেখ উল্লেখযোগ্য। 

বাংলাদেশে সিগারেটের বাজারের বার্ষিক উৎপাদন ৮ হাজার ৬০০ কোটি ইউনিটের বেশি, যা প্রতিবছর ২ শতাংশ হারে বাড়ছে। এই চুক্তির ফলে জেটি গ্রুপের মোট উৎপাদনে আরো একহাজার ৭০০ কোটি সিগারেট যুক্ত হবে।

জেটিআই বিশ্বের শীর্ষস্থানীয় তামাক কোম্পানি, যার ১৩০টিরও বেশি দেশে উপস্থিতি রয়েছে। প্রায় ৬০ হাজার কর্মীবাহিনীর এই প্রতিষ্ঠান উইনস্টন, ক্যামেল, মেভিউস এবং এলডির মতো চেনা ব্র্যান্ড উৎপাদন এবং বিক্রয় করে থাকে।