২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শঙ্কিত এফবিসিসিআই

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কোরবানির ঈদের আগে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ থাকলে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 10:11 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এমন পরিস্থিতি বিরাজ করলে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হবে।”

এতে শ্রমিকদের বেতন-বোনাস প্রদানে যেন বত্যয় না ঘটে সে বিষয় বিবেচনায় রাখার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি সমুন্নত রাখা, রপ্তানী বাণিজ্য সচল রাখতে ও বিনিয়োগ উৎসাহিত করতে এফবিসিসিআই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে মন্তব্য করে শফিউল ইসলাম বলেন, “এ পরিস্থিতিতে পরিবহন ধর্মঘট বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

“…ছাত্র আন্দোলন এবং পরিবহন ধর্মঘটের ফলে যান চলাচল বন্ধ থাকার কারণে সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় মূল্যস্ফীতির হার আবারও বৃদ্ধি পাওয়ার দেয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তাগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।”

অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকদের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, “শ্রম আইনের সাথে সংগতি রেখে তৈরী পোষাক খাতের ন্যায় পরিবহনসহ অন্যান্য সকল খাতেও শিশু শ্রমের ব্যবহার বন্ধ হওয়া প্রয়োজন। যা অনভিপ্রেত দূর্ঘটনা এড়াতে সহযোগিতা করবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এফবিসিসিআিইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।