শক্তি ফাউন্ডেশনের সদস্যদের ঋণ বিতরণ-কিস্তি পরিশোধ বিকাশে
সদস্যদের ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধ সহজ করতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজ উইমেন।
সম্প্রতি শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশীদ এবং শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং হেড অফ ফিন্যান্স মাহফুজুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ক্ষুদ্রঋণ গ্রহণ ও পরিশোধের পাশাপাশি শক্তি ফাউন্ডেশনের প্রায় ৫ লাখ সদস্য প্রতিষ্ঠানটির সাথে তাদের সঞ্চয় স্কিমের কিস্তির টাকাও বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম উপস্থিত ছিলেন।
শক্তি ফাউন্ডেশন বর্তমানে সারাদেশে তাদের ৪২১টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা গ্রহণ করে।
বিকাশের সাথে এই চুক্তির ফলে এখন প্রতিষ্ঠানটি সরাসরি তাদের সদস্যদের বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা বিতরণ করতে পারবে, একইভাবে সদস্যরাও তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।
