২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন কারখানা পরিদর্শনে মানবাধিকার কমিশন চেয়ারম্যান

দেশীয় ইলেট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 09:34 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন রিয়াজুল হক।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এখানকার শ্রমিকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বতস্ফূর্তভাবে কাজ করছে।”

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “দেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বিশেষ করে ইউরোপের কিছু কোম্পানি রয়েছে, যারা তাদের কারখানায় শ্রমিকদের মাঝে লভ্যাংশ বন্টন করে না। কিন্তু দেশীয় কোম্পানি ওয়ালটন তাদের অর্জিত লভ্যাংশের নির্দিষ্ট অংশ শ্রমিকদের মাঝে বন্টন করছে, এটা বিশাল ব্যাপার।”

এসময় মানবাধিকার কমিশনের সচিব হিরন্ময় বাড়ৈ, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফায়জুল কবির,পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন ও এম রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম এসময় উপস্থিত ছিলেন।

শামসুল আলম বলেন, “বর্তমান সরকারের শিল্পবান্ধব সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আরো অনেক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে কারখানায় নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ করে তৃতীয় লিঙ্গের লোকদের কর্মসংস্থানে যথাযথ পদক্ষেপ গ্রহণ হবে।”