বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে নতুন মুদ্রানীতি: এফবিসিসিআই
নতুন মুদ্রানীতি বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণার পরদিন বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মঙ্গলবার যে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, তাতে উচ্চতর প্রবৃদ্ধির ধারাকে গতিশীল করতে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ দশমিক ৯ শতাংশ এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
“নতুন মুদ্রানীতিকে প্রবৃদ্ধিবান্ধব এবং মূল্যস্ফীতি পরিমিত রাখার উপরও গুরুত্ব আরোপ করা করা হয়েছে।”
ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাস, আমানত ও ঋণ সুদ হারের ব্যবধান বা স্প্রেড সংকোচন, সরকারি সঞ্চয় পত্রের মুনাফার হার ও ট্রেজারি বন্ডের সূদের হার যৌক্তিকীকরণের কার্যক্রম বাস্তবায়নে নজরদারি জোরালো করার উপর জোর দেওয়া হয়েছে।
অপ্রয়োজনীয় বিলাসী-আমদানি পণ্যের জন্য যাতে অভ্যন্তরীণ ঋণ ব্যবহৃত না হয়ে প্রকৃত উৎপাদনমুখী ও কর্মসংস্থানবান্ধব হয় সেদিকে বিশেষ নজরদারির কথা মুদ্রানীতিতে বলা হয়েছে, যা উৎপাদন খাতে ঋণ প্রবাহকে উৎসাহিত করবে বলে জানিয়েছে এফবিসিসিআই।
