সুদের হার: নির্দেশনা মানছে না সবাই
সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা সব ব্যাংক মানছে না।
ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার এই কথা স্বীকার করেছেন।
মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এ বিষয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকে শেষে নজরুল মজুমদার সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাই এক অংকের অর্থাৎ নয় শতাংশ সুদের সিদ্ধান্ত এখনও কেউ মানছে, কেউ মানছে না।”
“কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর,” বলেন তিনি।
বৈঠকের আলোচনার বিষয়ে নজরুল মজুমদার বলেন, “আজকের বৈঠকে সমাধান হয়নি। তাই আমরা আগামী বৃহস্পতিবার এই জায়গায় আবার বসব।”
আলোচনার বিষয়ে অর্থমন্ত্রীও কিছু বলতে চাননি।
