‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’ আয়োজন
‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’ এর আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এর উদ্যোগে এই আয়োজন চলছে। এতে যুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
এটুআই নারী সমতার বিভিন্ন বিষয়ে সহায়তা দানের পাশাপাশি নারী ক্ষমতায়নের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সমাজকে যুক্ত করতে কাজ করে আসছে।
এর ধারাবাহিকতায় জাতীয় বিভিন্ন সমস্যায় সমাধান নিয়ে আসার ক্ষেত্রে উদ্ভাবনী নারীদের উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরিতে এটুআই, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প’ কর্মসূচি চালু করেছে।
এতে যুক্ত হয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, “এ উদ্যোগটি একেবারেই অভিনব এবং বেশ বড় পরিসরে হচ্ছে। আমি এ উদ্যোগ নিয়ে বেশ রোমাঞ্চিত। আমরা এতদিন উদ্ভাবন নিয়ে যেসব উদ্যোগ গ্রহণ করেছি, তার মধ্যে এটা সবচেয়ে সম্ভাবনাময়।”
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের উল্লেখযোগ্য সব সমস্যা শনাক্ত করা এবং উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করাই এ ক্যাম্পের লক্ষ্য। প্রতিযোগিতার চূড়ান্তে পর্বে সম্ভাব্য সবচেয়ে ভালো ধারণা ও সমাধানকে পুরস্কৃত করা হবে এবং এ ধারণাগুলোর সফল বাস্তবায়নে সহায়তা করা হবে।
তরুণ উদ্ভাবকদের জন্য প্ল্যাটফর্ম জিপি হোয়াইট-বোর্ড তরুণদের সঠিক প্ল্যাটফর্ম পেতে এবং তাদের উদ্ভাবনকে সামনে নিয়ে যেতে সহায়তা দিয়ে আসছে।
২০১৬ ও ২০১৭ সালের এ কর্মসূচির সফল সমাপ্তির পর এটুআই এ বছর ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’ আয়োজন করছে।
এ আয়োজনে সারাদেশ থেকে নারী আবেদনকারীরা সমস্যা জর্জরিত খাতের উপর ভিত্তি করে তাদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন। সবচেয়ে সম্ভাব্য ও বাস্তবায়নযোগ্য ধারণাগুলো ক্যাম্পের প্রতিযোগিতামূলক পর্বে উন্নীত হবে।
গত মে মাসে ‘উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮’- এর জন্য আবেদন গ্রহণ শুরু হয় এবং তা আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। এরপর নির্বাচিত উদ্ভাবকদের দুটি ধাপে নিজেদের ধারণা উপস্থাপন করতে হবে। যেখানে তাদের প্রমাণ করতে হবে যে তাদের ধারণার সামাজিক সমস্যা সমাধানের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
