জৈক’র উদ্যোগে ট্রাক্টরে প্রান্তিক কৃষক
স্বল্প সময় ও পরিশ্রমে চাষাবাদের জন্য ‘ট্রাক্টর’ একটি অতি-পরিচিত যন্ত্র, কিন্তু সাধ থাকলেও সাধ্যের অভাবে যন্ত্রটি কেনা সম্ভবপর হয় না যে চাষিদের, তাদের সুযোগ করে দিতে ‘বিশেষ উদ্যোগ’ হাতে নিয়েছে জৈক এগ্রো লিমিটেড।
প্রান্তিক পর্যায়ের কৃষকদের কথা মাথায় রেখেই ট্রাক্টর শেয়ারিংয়ের এই সুবিধা চালু করেছেন বলে জানান জৈক এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারজিন ফেরদৌস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ট্রাক্টরের দাম ১৪-১৮ লাখ টাকা, ফলে এটি কিনে জমি চাষ করার সামর্থ্য থাকে না বেশির ভাগ কৃষকেরই, অনেকে কিস্তিতে কিনলেও টাকার অভাবে কিস্তি দিতে পারেন না এবং ট্রাক্টরটিও হাত ছাড়া হয়ে যায়। তাই আমাদের এই উদ্যোগ।”
রংপুর ও দিনাজপুরে ২০১৭ সাল থেকে কৃষকদের নিয়ে কাজ করছে জৈক এগ্রো, সেখানে চাষিদের পণ্যের ন্যায্য মূল্য, চাষাবাদে প্রয়োজনীয় যন্ত্রপাতি-সার সরবরাহ ও ব্যাংকিং সেবা দিতে ছয়টি ‘কৃষক কেন্দ্র’ খোলা হয়েছে।
ফারজিন বলেন, “কৃষকদের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখি তারা অর্থের অভাবে ট্রাক্টর ব্যবহার করতে পারছেন না, সেখান থেকেই আমাদের ট্রাক্টর শেয়ারের ধারণার জন্ম নেয়।”
তিনি জানান, দ্য মেটাল প্রাইভেট লিমিটেড নামের কৃষি যন্ত্রপাতি বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে দুটি ট্রাক্টর কৃষক সেন্টারের প্রধানের কাছে লিজ দেওয়া হয়েছে। প্রধানের কাছ থেকে চাষিরা ট্রাক্টর ভাড়া করতে পারবেন।
ট্রাক্টর ভাড়া থেকে প্রাপ্ত অর্থের ৫০ শতাংশ পাচ্ছে দ্য মেটাল প্রাইভেট লিমিটেড, বাকি অর্থ যাচ্ছে সেন্টার প্রধানের কাছে, প্রধানের অর্থের ১৫ শতাংশ পাবে জৈক এগ্রো।
প্রাথমিকভাবে এই সেবা চালু করা হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে কিছু করার আশা করছেন ফারজিন।
তিনি বলেন, “এরই মধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, প্রতিটি দিনই কৃষকরা ট্রাক্টর ভাড়া নিচ্ছেন। ভবিষ্যতে তাদের যাতে আরও উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দেওয়া যায় সেই পরিকল্পনা রয়েছে।”
