ন্যূনতম মজুরি বাস্তবায়নে নানা ষড়যন্ত্র: ইন্ডাস্ট্রিঅল
আগের চেয়ে কম মজুরি প্রস্তাবের মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ।
১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শ্রমিক সংগঠনগুলোর এই প্ল্যাটফর্ম।
ইন্ডাস্ট্রিঅলের সাবেক চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, “সপ্তম গ্রেড অনুযায়ী নিম্নতম মজুরি যখন ৬৪০০ টাকা, তখন মালিক সংগঠন (বিজিএমইএ) তা থেকে আরও ৪০ টাকা কমিয়ে দিতে চাইছে। তারা সরকারকে মিসগাইড করে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে দিচ্ছে না।”
মজুরি কাঠামোর সর্বশেষ গ্রেড অর্থাৎ, সপ্তম গ্রেডে একজন শ্রমিক ৫৩০০ টাকা পাচ্ছেন। এর মধ্যে মূল মজুরি ৩ হাজার টাকা। এর ওপর ৪০ শতাংশ হারে বাড়িভাড়া ১২০০ টাকা, ২৫০ টাকা চিকিৎসা ভাতা, ২০০ টাকা যাতায়াত ভাতা ও খাদ্য ভর্তুকি বাবদ ৬৫০ টাকা রয়েছে। এছাড়া প্রতি কর্মদিবস ২৫ টাকা হারে ২৬ দিনের খাদ্য ভর্তুকি বাবদ ৬৫০ টাকা ধরা হয়েছে।
প্রতিটি গ্রেড শ্রমিকরা মূল মজুরির সঙ্গে অন্যান্য গ্রেডের মত বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভর্তুকি ভাতা পাচ্ছেন।
শ্রমিকদের দাবির মুখে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এতে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব করেন। মজুরি বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি প্রস্তাব করেছেন ১২ হাজার টাকা।
ইন্ডাস্ট্রিঅল নেতারা বলছেন, ৫ বছর আগে ঘোষিত কাঠামো অনুযায়ী এখন ইনক্রিমেন্ট পেয়ে শ্রমিকদের যে মজুরি দাঁড়ানোর কথা, মালিকপক্ষ তার চেয়েও কম প্রস্তাব করেছেন।
শ্রমিক প্রতিনিধি হিসেবে শামসুন্নাহারকে মনোনয়ন নিয়েও প্রশ্ন তোলেন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল প্ল্যাটফর্মের সদস্য নাজমা আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার আমাদের মনোনীত প্রতিনিধিকে না নিয়ে তাদের ইচ্ছামতো একজনকে নির্বাচিত করলেন। আমাদের কোনো দাবি তারা তারা শুনলেন না।”
সিপিডি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার টাকার যে প্রস্তাব করেছে, তার সমালোচনাও করেন আমিরুল হক। তিনি বলেন, “সিপিডির এই ফর্মুলা অগ্রহণযোগ্য ও হঠকারিতার সামিল।”
বাংলাদেশ সফরে এসে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়ুর্কি রায়না বলেছিলেন, বাংলাদেশে ৪০ ভাগ তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হয় না। তবে তার দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শ্রম প্রতিমন্ত্রীর দাবি, বাংলাদেশের ৮৫ ভাগের বেশি তৈরি পোশাক কারখানায় বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়া হচ্ছে।
আমিরুল হক বলেন, “পাঁচ বছর আগে মজুরি নির্ধারিত হয়েছিল, তার ৫ বছর পর এসে প্রতিমন্ত্রী মহোদয় বলছেন ৮৫ ভাগ কারখানায় মজুরি বাস্তবায়িত হয়েছে। এখন তার এ দাবি আমাদের কাছে অগ্রহণযোগ্য।”
দাবি আদায়ে আগামী ৪ অগাস্ট শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইন্ডাস্ট্রিঅল।
পরে স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি ও সমাবেশের মতো কর্মসূচিও পালিত হতে পারে বলে জানান মহাসচিব সালাউদ্দিন স্বপন।
