এসএমইতে ব্যাংক সুদ হার এক অংকে নামিয়ে আনার আহ্বান
ক্ষুদ্র ও মাঝারি শিল্প-এসএমই খাতে ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বুধবার মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রিজ (এসএমইজ) সভা থেকে সমন্বিতভাবে এই আহ্বান জানানো হয়।
শীর্ষ এই ব্যবসায়ী সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই খাতের ব্যবসায়ীদের জন্য সরকার যে ঋণ সুবিধার ব্যবস্থা রেখেছে তা যেন সঠিকভাবে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের হাতেই যায় সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি এই খাতে একক অংকের সেুদে ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে।
দেশের এসএমই খাতের জন্য একটি পৃথক নীতিমালা তৈরিরও আহ্বান জানান বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা।
এফবিসিসিআই মনে করে, এসএমই খাতে প্রথাগত পণ্যের পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর পণ্যসামগ্রীও তৈরি হচ্ছে। তাই এক্ষেত্রে পণ্যের চাহিদা ও উৎপাদন কঠামো নিয়ে একটি জরিপ করা প্রয়োজন।
এসএমই খাতের উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এসএমই পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার আহ্বান জানান এফবিসিসিআই নেতারা।
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শামীম আহমেদের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত পরিচালক মো. আবু নাসের কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। বিএসটিআই এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন, আবু মোতালেব ও হাফেজ হারুণ অর রশিদ সভায় উপস্থিত ছিলেন।
