২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার আশ্বাস জাপানের

বাংলাদেশ ভবিষ্যতে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জাপান শুল্কছাড়সহ অন্যান্য বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন দেশটির ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী হিরোশিগে সেকো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 01:27 AM

Updated : 19 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার টোকিওতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।

“বাংলাদেশ আশা করছে, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও জাপান বাংলাদেশকে দেওয়া টেকনিকাল, লিগ্যাল, বাণিজ্য ক্ষেত্রে জিএসপি সুবিধা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।”

২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ৭ জাপানি নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার যে কোনো সন্ত্রাসী ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ওই ঘটনার পর সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে এ জাতীয় আর কোনো সন্ত্রাসী ঘটনা বাংলাদেশে ঘটেনি।

জাপানের মন্ত্রী হিরোশিগে সেকো বলেন, ২০২৪ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পরও জাপান বাংলাদেশকে দেওয়া বাণিজ্যি ক্ষেত্রে জিএসপি সুবিধা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।

তোফায়েল ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে বলেন, জাপানি বিনিয়োগকারীদের জন্য সেখানে স্থান বরাদ্দ দিতে বাংলাদেশ প্রস্তুত।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশ জাপানে রপ্তানি করেছে ১,০১২ দশমিক ৯৮ মিলিয়ন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমাদনি করেছে ১,৮৩৩ দশমিক ৪০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে বাংলাদেশে জাপানের ৩১২টি কোম্পানি ব্যবসা করছে, এখানে প্রায় ৪২ হাজার জনবল কাজ করছে। জাপানের কোম্পানিগুলোর বিনিয়োগ প্রায় ১,৪৬৭ দশমিক ২৮ মিলিয়ন ডলার। এর মধ্যে ২০১৭ সালে সরাসরি ৭০ দশমিক ২১ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

পরে বাণিজ্যমন্ত্রী জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের উদ্যোগে ‘বিজনেসম্যান টু বিজনেসম্যান’ বৈঠকে মতবিনিময় করেন। এরপর তিনি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট ইয়াশুশি আকাহোশি এর সাথে বৈঠক করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এলএফএমইএবি এর ভাইস প্রেসিডেন্ট মো. নাজমূল হাসান, বিজিএমই-এর পরিচালক মুনির হোসেন, ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আযমসহ ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।