২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপে চিকিৎসক-অ্যাম্বুলেন্স পাওয়ার সুযোগ

মোবাইল অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা ‘উড়াল ইএমএস’ ও ফিনল্যান্ডভিত্তিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান ‘অলওয়েল’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকায় ঘরে বসে চিকিৎসকের সেবার পাওয়ার সুযোগ সৃষ্টি হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 11:47 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

গত এপ্রিল মাস থেকে স্টার্ট আপ ওডেক লিমিটেড মোবাইল অ্যাপভিত্তিক এই অ্যাম্বুলেন্স সেবা ‘উড়াল ইএমএস’ পরীক্ষামূলকভাবে চালু হলেও পরের মাস থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয় ঢাকায়।

ওডেক লিমিটেড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অলওয়েলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানায়।

এতে বলা হয়, “এখন সাশ্রয়ী মূল্যে অভিজ্ঞ ডাক্তার দ্রুত বাসায় পৌঁছে যাবেন, প্রয়োজনে সঠিক হাসপাতাল- ক্লিনিকে যেতে পারবেন।”

যে সব রোগীর ঘর থেকে বের হওয়া কষ্টকর বা যানজট এড়াতে চান অথবা চেম্বারে লম্বা লাইনের কারণে সময় অপচয় করতে চান না, তারা অলওয়েলের মাধ্যমে এই সেবা নিতে পারেন।

আবার উড়ালের মাধ্যমে একজন রোগী সাশ্রয়ী ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

ওডেকের সিইও শাহরিয়ার ফরিদ এবং অলওয়েলের চেয়ারম্যান এম এম আফতাব হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে ওডেকের চেয়ারম্যান আহসান জেড তালুকদার, উড়াল ইএমএসের অপারেশন ডিরেক্টর বজলে চৌধুরী, অলওয়েলের সিটিও মোজাহিদুল হক আবুল হাসনাত এবং অলওয়েলের সিইও এম ডব্লিউ এ ফরহাদ উপস্থিত ছিলেন।

ওডেকের সিইও শাহরিয়ার ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উড়াল অ্যাপটি গুগল স্টোরে পাওয়া যাবে।