রাজশাহীর ১১ শিক্ষা প্রতিষ্ঠানে ‘বই পড়া কর্মসূচি’
রাজশাহী জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবারের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ উদ্যোগের সহযোগী বিকাশ।
রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা লায়লী বানু, শিশু সাহিত্যিক আলী ইমাম, বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স) হুমায়ুন কবির এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর শাখার সংগঠক অধ্যাপক অলক মৈত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের’ আওতায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচির সঙ্গে ২০১৪ সাল থেকে যুক্ত আছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ।
