মাহিন্দ্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি
ভারতীয় বহুজাতিক কোম্পানি মাহিন্দ্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
প্রতিষ্ঠানটির বাংলাদেশে ‘চলো রে’ ব্র্যান্ড ক্যাম্পেইন ঘোষণা অনুষ্ঠানে ওয়ানডে ক্রিকেটের টাইগার ক্যাপ্টেনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা জানানো হয়।
বুধবার ঢাকায় সেই অনুষ্ঠানে তাদের নতুন পণ্য মাহিন্দ্রা ম্যাক্সিমো হেভি ডিউটি- এইচডি (পিক আপ গাড়ি) সিরিজও উদ্বোধন করা হয়।
১০০টি দেশে নিজেদের উপস্থিতি সম্পর্কে একটি ধারণা দেন মাহিন্দ্রা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (হেড অব ইন্টারন্যাশনাল অপারেশন্স, দক্ষিণ এশিয়া) সঞ্জয় জাদভ।
তিনি বলেন, “আমাদের ব্র্যান্ড ক্যাম্পেইন চলো রে উদযাপন মাহিন্দ্রার জন্য গর্বের। আমরা গ্রাহকদের পছন্দ ও জাতির প্রত্যাশাকে কখনোই ভুলি না।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এদেশে তাদের কর্মীদের অর্ধেকই বাংলাদেশি এবং এই কর্মসংস্থানের সুযোগ করতে পেরে তারা গর্বিত।
মাহিন্দ্রার বাংলাদেশ প্রধান রবিন দাসের দাবি, ট্রাক্টর, পিক আপ ও স্কুটার বিক্রিতে বাংলাদেশের বাজারে তারা শীর্ষে।
দেশে বহুজাতিক কোম্পানিটির ভোক্তা সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানানো হয় অনুষ্ঠানে।
দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে তাদের উপস্থিতি মূলত র্যাংগস মোটরস লিমিটেড, কর্ণফুলি লিমিটেড, র্যানকন অটোস ও আফতাব অটোমোবাইল লিমিটেডের হাত ধরে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
