অর্থ মন্ত্রণালয়-কেন্দ্রীয় ব্যাংক ঠুঁটো জগন্নাথ: মেনন
ব্যাংক খাত নিয়ে সংসদ সদস্যরা সরকারের সমালোচনায় মুখর হওয়ার পর এবার সরব হয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, যিনি ক্ষমতাসীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টিরও সভাপতি।
সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় মেনন মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন।
ব্যাংক খাত নিয়ন্ত্রণে সরকারে ব্যার্থতার সমালোচনা করে মন্ত্রী মেনন বলেন, “বাজেটে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ব্যাংক মালিকেরা, অথচ এই ব্যাংক খাতে চলছে অবাধ লুটপাট, ঋণখেলাপি আর অর্থ পাচারের মহোৎসব। যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। করের টাকা থেকে এই ঘাটতি মূলধন পূরণ করা হচ্ছে।
“বঙ্গবন্ধু পাকিস্তানের ২২ পরিবারের কাছে মাথা নত করেন নাই। আর এখন ব্যাংকারস অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিচ্ছে সিআরআর কত হবে, ঋণের সুদ কত হবে, আমানতের সুদ কত হবে। অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এখন ঠুঁটো জগন্নাথ।”
তিনি বলেন, “আমরা দেখেছি সাম্প্রতিককালে আইন সংশোধন করে ব্যাংকগুলোকে পারিবারিক মালিকানায় তুলে দেওয়া হয়েছে। এই ব্যাংক মালিকরাই গার্মেন্টসের মালিক, বীমার মালিক আবাসন কোম্পানির মালিক।”
সামাজিক বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়টিও তোলেন এই বাম নেতা।
মাদকবিরোধী অভিযান নিয়ে মেনন বলেন, “মাদকবিরোধী অভিযান চলছে, কিন্তু বন্দুকযুদ্ধ সমাধান নয়। সামাজিক প্রতিবোধ গড়ে তুলতে হবে। প্রচলিত আইনে মাদক ব্যবসায় জড়িতদের মৃত্যুদণ্ড দিতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
“শুধু চুনোপুঁটিদের ধরলে চলবে না। রাঘব বোয়ালদের জালে আটকাতে হবে। সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।”
জাতীয় নির্বাচনের আগে সরকারের সব মহলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, “জল, স্থল, অন্তরীক্ষে আমরা ছুটে চলেছি, অর্থমন্ত্রীর ভাষায় সমৃ্দ্ধ আগামীর পথে। কিন্তু সবকিছু থেমে যাবে, উল্টে যাবে, যদি বিএনপি-জামাত-জঙ্গিরা একবার ক্ষমতার চাবিকাঠি হাতে পায়। তাদের ষড়যন্ত্র থেমে নাই।
“ভোটের হিসাব করতে গিয়ে হেফাজতের তোষণ, কারিকুলাম পাল্টে দেওয়া, ভাস্কর্য অপসারণ সংসদের কিছু আসন দিয়ে খুশি করা, এসব হবে নির্বুদ্ধিতা। সাপ খোলস বদলায়, কিন্তু দাঁতের বিষ ঠিকই থাকে।”
সোমবার বাজেট আলোচনায় অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামানিক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের সাহারা খাতুন, এইচ এন আশিকুর রহমান, আবুল কালাম আজাদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুৎফুল্লাহ, নারী সংসদ সদস্য আমিনা আহমেদ, নূর- ই- হাসনা লিলি চৌধুরী প্রমুখ।
আমিনা আহমেদ বলেন, “ব্যাংক খাতে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রান্তিক মানুষের খরচ বাড়ছে। এ জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করতে হবে।”
প্রতিমন্ত্রী মান্নান পিইসি ও জেএসসি পরীক্ষা স্থানীয় প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া, প্রবাসীদের জন্য সরকারি সংশ্লিষ্ট কার্যালয়গুলো সার্বক্ষণিক খোলা রাখা, বিদেশে নারী শ্রমিক পাঠানোর ব্যবস্থা খতিয়ে দেখার প্রস্তাব করেন।
