সৈয়দ তানভির হুসাইন গ্রামীণফোনের সিএইচআরও
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন সৈয়দ তানভির হুসাইনকে প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
গত ১২ জুন তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় বলে অপারেটরটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, তানভির ২০১৩ সালের মাঝামাঝি গ্রামীণফোনে যোগ দিয়ে সাফল্যের সাথে পিপলস অ্যান্ড অর্গানাইজেশন ডিভিশনের অধীন সেন্টার অফ এক্সপার্টিজ এবং পরবর্তীতে শেয়ার্ড সার্ভিস অর্গানাইজেশন পরিচালনা করেছেন।
মানব সম্পদ খাতে তানভির হুসাইন গত ২০ বছর ধরে বিভিন্ন শিল্পে কাজ করছেন। তিনি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। এই প্রতিষ্ঠানে তিনি প্রশিক্ষণ ও উন্নয়ন এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিভাগে কাজ করেন।
এরপর তিনি সিটি ব্যাংক এনএতে হেড অফ এইচআর হিসেবে যোগ দেন এবং পরে এয়ারটেল বাংলাদেশে সিএইচআরও হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে কেবিআর এবং আরামার্কে কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেছেন।
