২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট: অন্য কিছুতে প্রভাব না পড়লেও বাড়তি ভারতীয় চালের দাম

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনা জাতীয় সংসদে উত্থাপনের পরদিন অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নেতিবাচক প্রভাব দেখা যায়নি। তবে চাল আমদানিতে শুল্ক আরোপের ঘোষণায় ভারতীয় চালের দামে অস্থিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 11:37 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।

দেশীয় কৃষকদের কৃষিতে উৎসাহিত করতে চাল আমদানির ওপর ২৮ শতাংশ শুল্ক পুনর্বহালের পরিকল্পনার কথা বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এর দুই-তিন দিন আগে থেকেই পাইকাররা ভারতীয় চালের দাম বেশি চাইছেন বলে জানান মিরপুর ১ নম্বর বাজারের ‘নিউ বিল্লাল রাইস এজেন্সির’ পরিচালক ওয়াহিদুজ্জামান।

তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশীয় চালের বাজার স্থিতিশীল থাকলেও গত ৩-৪ দিন ধরে ভারতীয় চালের দামে অস্থিরতা দেখা দিয়েছে। আমদানিকারকরা হঠাৎ করে প্রতি বস্তা চালে ২০০ টাকা করে বেশি চাচ্ছে। এই অবস্থায় ভারতীয় চাল কেনা বন্ধ রেখেছি।”

এই ব্যবসায়ী বলেন, “রোজা শুরুর পর ঢাকায়ও চালের চাহিদা কমে গেছে। এখন বেশি দামে চাল কেনার পর বাজার আবার পড়ে যায় কি না এ নিয়ে পাইকারি ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।”

ভারত থেকে আসা পাইজাম চাল এতদিন পাইকারিতে ৫০ কেজির বস্তা ১৮০০ টাকায় বিক্রি হলেও এখন আমদানিকারকরা দুই হাজার টাকা করে দাম চাইছেন বলে জানান কয়েকজন ব্যবসায়ী।

এছাড়া দেশীয় মিনিকেটের বস্তা (৫০ কেজি) ২৬০০ টাকা থেকে ২৭০০ টাকা, বিআর আটাশ চালের বস্তা ১৯৫০ টাকা, স্বর্ণা চাল দুই হাজার টাকার মধ্যে রয়েছে।

গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে রসুনের দামও কমেছে বলে কয়েকজন বিক্রেতা জানিয়েছেন।

চীন থেকে আমদানি করা রসুন কেজিপ্রতি ৬০ টাকা এবং দেশীয় রসুন ৫০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

তবে খুচরা মুদি দোকানগুলোতে এখনও এই দাম কমার প্রভাব পড়েনি। খুচরায় এখনও প্রতি কেজি ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে রসুন।

মিরপুরে পেঁয়াজ রসুনের পাইকারি দোকান হাজী ওছমান গনি স্টোরের বিক্রয়কর্মীরা জানান, গত ১০দিন ধরে রসুনের দাম পড়তির দিকে। পেঁয়াজের দামও দীর্ঘ দিন ধরে স্থিতিশীল রয়েছে।

এই বাজারে আলু, পেঁয়াজ ও রসুনের আড়ৎদার পলাশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব পণ্যে দীর্ঘদিন ধরে দাম বৃদ্ধির কোনো বাড়াবাড়ি নেই।

“পাইকারিতে আলুর কেজি ১৯ টাকা, দেশি পেঁয়াজ ৩৮ টাকা, ক্রস পেঁয়াজ ৩২ টাকা, ভারতীয় পেঁয়াজের দাম ১৪ টাকা থেকে ১৫ টাকায় রয়েছে। মাঝখানে আলুর দাম কিছুটা বাড়লেও এখন কমেছে।”

হাজী ওছমান গনির দোকানে রসুন কিনতে আসা শরীফুল নামের একজন ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট হয়েছে। কিন্তু বাজেটের কারণে দৈনন্দিন বাজারের কোনো পণ্যের দাম বেড়েছে এমন চোখে পড়েনি। বরং চাল-ডালসহ অনেকগুলো নিত্যপণ্যের দাম এখন বেশ খানিকটা হাতের নাগালে।”

সবজি বিক্রেতা জাকির হোসেন বলেন, খুচরা বাজারে এখন কচুর লতি প্রতিকেজি ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, শসা ৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, পেঁপেঁ ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা কেজি এবং জালি প্রতিটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে টমেটোর দাম কিছুটা বেড়েছে। কয়েক দিন আগে টমেটোর কেজি ৫০ টাকা থাকলেও এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।