কাটতি বেশি জামা, জুতো, অলঙ্কারে
ঈদের সপ্তাহখানেক বাকি থাকতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর বিপণিবিতানলোতে; বাড়ি ফেরার আগে কেনাকাটার খুব বেশি সময় না থাকা ছুটির দিনেই কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা।
তৈরি জামা, জুতা ও জুয়েলারি পণ্য বেশি বিক্রি হচ্ছে; কেউ আবার কিনছেন ঘর সাজানোর নানা জিনিসপত্র। আর ভিড় থাকায় বিক্রেতারা দাম বেশি রাখছেন বলে অভিযোগ ক্রেতাদের।
শুক্রবার সকাল থেকেই পছন্দের জিনিসটি কিনতে ক্রেতারা ভিড় জমাতে থাকেন অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, ধানমণ্ডির মেট্রো শপিং মল, প্লাজা এআর, সানরাইজ প্লাজা, অরচার্ড পয়েন্ট, নিউমার্কেট ও গাউসিয়ার আশেপাশের বিপণিবিতানগুলোতে। বিপণিবিতান আর শপিং মলের পাশাপাশি ফুটপাতেও ছিল উপচে পড়া ভিড়।
সব ধরণের জিনিসপত্রের সহজলভ্যতার জন্য নিউমার্কেট ও গাউসিয়ায় ভিড় ছিল সবচাইতে বেশি। এর আশপাশের ফুটপাতগুলোতে ছিল চোখে পড়ার মত ভিড়।
গাউসিয়া মার্কেটের সামিন লেডিস ফ্যাশনের বিক্রয়কর্মী রুবেল বলেন, “আজকে এতো ভিড়, পা ফেলারও জায়গা নাই দোকানে। অনেক বিক্রি হচ্ছে। আর তো সময় নাই, অনেকেই দুই তিনদিন পর বাড়ি চলে যাবে। তাই আজকেই কিনে নিচ্ছে।”
অনেকে আবার জামা কিনে স্বর্ণালঙ্কার আর জুতার দোকানে ভিড় জমাচ্ছিলেন। গাউসিয়ার বাইরে জুতার দোকান রয়েছে ইয়াসিন আলীর। দুপুর থেকে ভিড় ও বিক্রি অনেক বেশি হচ্ছে বলে জানান তিনি।
“কাস্টমারদের তো আর কেনার সময় নাই। অনেকে বাড়িত চইলা যাইব। আবার আইজকা শুক্রবার, আইজকাই বেশি বিক্রি হইতাছে। চাঁন রাইতে তো আর সবাই ঢাকা থাকব না। তাই আইজকা বেশি ভিড়।”
পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ফ্যাশন হাউজ ও দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
ফ্যাশন ব্র্যান্ড ইয়োলোর সিনিয়র এক্সিকিউটিভ তানভীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে অনেক ভিড়; কথা বলারও সময় নাই। অনেক কাস্টমার আসছে।”
এই বিপণিবিতানে কেনাকাটা করতে তাঁতীবাজার থেকে এসেছেন নাসরিন মুন্নি। ভীড়ের কারণে স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন না বলে জানালেন তিনি।
বাড়তি ক্রেতা পাওয়ায় বিক্রেতারা দাম ছাড়ছেন না বলে মনে করছেন অনেক ক্রেতা। ধানমণ্ডির মেট্রো শপিং মলে ছেলেমেয়ের জন্য ঈদের কেনাকাটা করছিলেন বেসরকারি চাকুরীজীবী জয়নাল আহমেদ।
তিনি বলেন, “অনেক কাস্টমার আজকে। এজন্য তেমন গুরুত্ব দিয়ে জিনিস দেখাচ্ছে না। আবার পছন্দ হলে দামও কমাচ্ছে না।
এদিকে প্রগতি সরণির শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কেও অন্যান্য দিনের তুলনায় ভিড় ছিল ভনেক বেশি।
এই বিপণিবিতানের ইয়ডো ডিজাইনার সোর্সের ব্যবস্থাপক ফারহানা জামান জানান, আজ তাদের ক্রেতার পাশাপাশি বিক্রিও হচ্ছে বেশি।
মিরপুরের বিভিন্ন বিপণিবিতান ও শপিং কমপ্লেক্সেও বিকিকিনিতে ব্যস্ত ছিলেন ক্রেতা ও বিক্রেতারা।
