২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক দাম দেড়শ, বাইছা লন দেড়শ’

ফার্মগেইটে ফুটপাতে ‘একদাম দেড়শ, বাইছা লন দেড়শ’ বলে গলা ফাটাচ্ছিলেন জুতা বিক্রেতা জহির। রাজধানীর প্রায় সব এলাকার ফুটপাত ধরে হাঁটলেই এখন জহিরের মতো বিক্রেতাদের এমন ডাকাডাকি কানে গেলেই বুঝতে কষ্ট হয় না, ঈদ এগিয়ে আসছে।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 04:53 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরান ঢাকার সদরঘাট, লক্ষ্মীবাজার, গুলিস্তান, পল্টন, নিউ মার্কেট, গাউসিয়া, ফার্মগেইট, মিরপুরসহ রাজধানীর অধিকাংশ ফুটপাতেই এখন হরেক পসরা।   

শাড়ি, পঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, ঘড়ি, কামিজ, গাউন, কুর্তি, ফ্লোর টাচ, সারারা, হিজাব, ওড়না, ব্লাউজ, পালাজ্জো, থ্রিপিস, বাচ্চাদের ফ্রক, স্কার্ট, ব্যাগ, জুতা, চুড়ি, আংটি, নেকলেস, সানগ্লাস, জুতা, জুয়েলারি, প্রসাধনী- কি নেই ফুটপাতে।

ঈদকে সামনে রেখে নিম্নবিত্ত আর স্বল্প আয়ের মানুষের গন্তব্য তাই ফুটপাত। বিক্রেতারাও সীমিত লাভে বিক্রি করছেন বিভিন্ন সামগ্রী।

ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, মাঝে-মধ্যে বৃষ্টি বাগড়া দিলেও দশ রোজার পর থেকে প্রতিদিনই বিক্রি বাড়ছে।

মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ও হোপ ইন্টারন্যাশনালের গলি এবং শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনে ও আশপাশের ফুটপাত ক্রেতা-বিক্রেতায় গমগম করছে।

মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরির পাশের গলিতে রায়হান নামের এক বিক্রেতা ‘এই যে, এইখানে পানির দামে হীরা পাবেন, আসেন, আসেন’ বলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছিলেন । হীরা নয়, তিনি বিক্রি করেন মেয়েদের গাউন, ফ্রক ও কামিজ। কম দামে ভালো জিনিস বিক্রি করেন, তা বোঝাতেই এভাবেই তার ডাক-চিৎকার।

৩০০ থেকে ৫০০ টাকায় কামিজ, ৬৫০ থেকে দুই হাজার টাকায় গাউন, ফ্লোর টাচ, গোল ফ্রক বিক্রি করছেন তিনি।

বিক্রিতে সন্তুষ্ট রায়হান বলেন, “বিক্রি ভালই হইতাছে। কিন্তু বৃষ্টি ঝামেলা করে মাঝে মাঝে। কাপড় না ভিজলেও কাস্টমার তো তেমন থাকে না। বৃষ্টি না হইলে দুপুরের পর থেকে ৬টা পর্যন্ত অনেক কাস্টমার হয়। আমরা তো বেশি লাভ রাখি না। বেশি দামও চাই না। বিক্রি ভালই হয়।”

মিরপুর ১০ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনে পাঞ্জাবি বিক্রি করছেন ইলিয়াস ও রিয়াজ। ‘৩০০ টাকার অফার আজকেই শেষ’ বলে ক্রেতাদের আকৃষ্ট করছেন তারা।

মিরপুর ১০ নম্বর থেকে দুই নম্বরের দিকে যেতে ফুটপাতজুড়ে চলছে কেনাকাটা। এখানে হাফিজ ৩০০ থেকে ৬০০ টাকায় শার্ট ও প্যান্ট বিক্রি করছেন।

দশ রোজার পর থেকে বিক্রি ভাল হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যাত্রাবাড়িতে আগে দোকান নিছিলাম। কিন্তু দেখি মানুষ তেমন আসে না। ফুটপাতে মানুষ আসা যাওয়ার পথে যা দেখে কিনতে চায়। তাই এখন ফুটপাতেই বিক্রি করি।

“রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু পছন্দ হলে কিনে ফেলে, কিন্তু দোকানে তো এই সুযোগ নাই।”

‘দেড়শ টাকা’ বলে ডাকাডাকি করা ফর্মগেইটের জুতা বিক্রেতা জহির জানালেন, পাশেই নিজের দোকান রয়েছে, কিন্তু ফুটপাতেই বিক্রি হয় বেশি।

“দোকানের দিকে মাইনষের নজর কম। তাই ফুটপাতে জুতা দিয়া বসাইছি। সাইজ লাগলে দোকান থেইকা আনায় দেই। বিক্রিও বেশি হইতাছে।”

গাউসিয়ায় ১০০ থেকে দেড় হাজার টাকায় মেয়েদের পার্স ও ব্যাগ বিক্রি করেন দেলোয়ার হোসেন।

তিনি জানান, ফুটপাতের ব্যাগই দোকানে উঠলে তার দাম হয়ে যায় হাজার টাকার ওপরে।

“আমরা কম লাভে বিক্রি করি, তাই বিক্রিও বেশি। যারা চিনে তারা এইখান থেকেই কিনে,” দেলোয়ারের ভাষ্য।

গাউসিয়ার উল্টো দিকে নিউ মার্কেটের বাইরে ফুটপাতের কাপড় বিক্রেতা মনসুরও জানান, তাদের লাভ কম, বিক্রি বেশি।

তিনি বলেন, “জিনিস ভাল দেই বলে রেগুলার কাস্টমাররা আমাদের কাছ থেকেই নেয়। ১৫ রোজা থেকে বিক্রি ভাল হচ্ছে, যত দিন যাবে বিক্রি ততো বাড়বে, বৃষ্টিটা না হইলেই হয়।”

এতো গেল বিক্রেতাদের কথা, ফুটপাতে কেনাকাটায় খুশি স্বল্প আয়ের মানুষও।

ইন্দিরা রোডের ফুটপাতে কথা হয় পোশাকশ্রমিক শাহিদার সঙ্গে। পড় কিনছিলেন তিনি।

তিনি বলেন, “দোকানে দাম বেশি চায়, দামাদামিও করা যায় না। আমাগো লাইগা ফুটপাতই ভাল। নিজের মতো দামাদামি কইরা কিনতে পারি।”

গুলিস্তানের ফুটপাতে ছেলেমেয়েদের জন্য ঈদের পোশাক কিনতে আসা রাজমিস্ত্রি শাহনেওয়াজ বলেন, “দোকান থেইকা কেনার মতো ক্ষমতা তো নাই। আর ফুটপাতে ভালো জিনিসও পাওয়া যায়।"

শুধু স্বল্প আয়ের মানুষই নয়, মধ্যবিত্তরাও ঝুঁকছেন ফুটপাতের দিকে।

গাউসিয়ার ফুটপাতে জুতা দামাদামি করছিলেন ইডেন কলেজের শিক্ষার্থী শায়লা। কম দামে পছন্দসই জিনিস পাওয়ায় ফুটপাত থেকে কেনাকাটা করছেন তিনি।

“কিছুটা কম দামে ফুটপাত থেকে কেনা যায়। একটু দেখে কিনতে পারলে খারাপ হয় না, তবে না দেখে নিলে খারাপটা দিয়ে দেয় অনেক সময়,” বলেন শায়লা।

ঢাকা কলেজের সামনে কেনাকাটা করতে আসা জুবায়ের আহমেদ বলেন, “গার্মেন্টসের বেশ ভালো ভালো শার্ট অনেক সময় এখানে নিয়ে আসে। শোরুমগুলোতে যেগুলো ১২০০ থেকে ১৫০০ টাকা, সেগুলো এখান থেকে ৪০০ থেকে ৫০০ টাকায় কেনা যায়। কম দামে কিনতে পারি।”

মিরপুর ১০ নম্বরের হোপ ইন্টারন্যাশনালের গলি থেকে প্রায়ই কেনাকাটা করেন রাবেয়া আক্তার।

তিনি বলেন, কম দামে কাপড় থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখানে। যখন যেটা লাগে সেটা এখান থেকেই নিয়ে নেন।

তবে ফুটপাত থেকে কেনাকাটায় বিড়ম্বনার কথাও জানিয়েছেন অনেক ক্রেতা। তাদের পরামর্শ, একটু ভালো করে দেখে কেনার। তা না হলে ঠকতে হতে পারে।