২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট, এনআইডি ফি দেওয়া যাবে বিকাশে

সোনালী ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে এখন থেকে সব ধরনের সরকারি ফির ই-চালান পরিশোধ করা যাবে বিকাশের মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 06:27 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

এ লক্ষ্যে সোনালী ব্যাংক এবং বিকাশের মধ্যে গত ৩ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

ব্কিাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় যে কোনো বিকাশ গ্রাহক কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই নিজের অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ও ন্যাশনাল আইডি কার্ডের ফি ই-চালান আকারে পরিশোধ করতে পারবেন।

এজন্য অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করার পর সোনালী ব্যাংকের ই-চালান গেটওয়ে দিয়ে ‘পরিশোধের পদ্ধতি’ অংশে গিয়ে ‘অনলাইন পরিশোধ’ অপশনটি নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের মাধ্যমে চালানের অর্থ জমা দেওয়া যাবে।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল বলেন, “সাধারণ মানুষের চালানের ফি প্রদানের ঝামেলা কমাতে এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যাংকের কোনো শাখায় না গিয়েই এখন তারা নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সাহায্যে সোনালী ব্যাংকের মাধ্যমে ই-চালানের ফি পরিশোধ করতে পারবেন।”

সোনালী ব্যাংকের এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, “বিকাশের মাধ্যমে ই-চালানের ফি পরিশোধের এই সুযোগ গ্রাহক এবং সোনালী ব্যাংক উভয়ের জন্যই সময় ও ব্যয় সাশ্রয়ী হবে।”

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ই-চালানের মাধ্যমে ছোট অংকের সরকারি অর্থগুলো বিকাশের মাধ্যমে পরিশোধের যে সুযোগ তা মূল ব্যাংকিং সেবার ‘সম্পূরক’ হিসেবে কাজ করবে।