২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ কম, মুখ ভার দর্জিদের

ঈদকে কেন্দ্র করে দর্জির দোকানগুলো বরাবরই সরগরম থাকে। তবে এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর দর্জির দোকানগুলোতে। রোজার অর্ধেক পেরিয়ে গেলেও প্রত্যাশানুযায়ী কাজ না পাওয়ার কথা জানিয়েছেন দর্জিরা।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 04:47 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

সোমবার রোজার ১৮তম দিনে রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চক, ফার্মগেইট ও মিরপুরের বিভিন্ন দর্জিবাড়ি ঘুরে ব্যস্ততা চোখে পড়লেও কাজ কম পাওয়ার হতাশা ছিল প্রায় সবখানেই।

দর্জিরা জানিয়েছেন, অন্যান্য বার ঈদে কাজের বাড়তি চাপ থাকায় ১০ রোজার পরে কাপড়ের অর্ডার না নিলেও এবার তেমন কাজের চাপ না থাকায় এখনও অর্ডার নিচ্ছেন তারা। কাজ কম পাওয়ার পেছনে চাকরিজীবীদের দেরিতে বেতন ও বোনাস পাওয়াকেই মূল কারণ মনে করছেন তারা।

গাউসিয়া মার্কেটের শতরূপা লেডিস টেইলার্সের কাটিং মাস্টার শ্যামল জানান, দশম রোজা থেকে অর্ডার পাচ্ছেন তারা।

“এবার লাস্টে অর্ডার পাইছি। প্রথমে একদম কম ছিল। ১০ রোজার পর থেকেই অর্ডার পাওয়া শুরু হইছে। গর্জিয়াস ড্রেসগুলাই মানুষ বেশি বানাচ্ছে।”

রোজার অর্ধেক পার হয়ে গেলেও গাউসিয়া মার্কেটের পাশের ইসমাইল ম্যানশনের তৃতীয় তলায় দুই-একটি ছাড়া সব দর্জি দোকানেই ক্রেতা আসামাত্র অর্ডার নিতে দেখা গেছে।

এখানকার লাভলী টেইলার্সের কাটিং মাস্টার সাইফউদ্দিন জানান, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে কম কাজ পেয়েছেন তারা।

“অন্যান্য বার এই সময়ে তো আমাদের দম ফেলার সময় থাকে না। আর এইবার কাজ কম পাওয়ায় এখনও অর্ডার নিচ্ছে।”

স্কয়ার লেডিস ফ্যাশন টেইলার্সের কর্ণধার মো. খুরশেদ আলম ১২ বছর ধরে দর্জির কাজ করেন। ১৫ রোজা পর বেতন ও বোনাস পাওয়ায় কাজ কম এসেছে বলে মনে করেন তিনি।

“রোজা শুরু হইছে ১৮ তারিখ। কিন্তু মানুষের হাতে তো টাকা আসে মাসের ১ থেকে ৫ তারিখে। এই জন্যই এবার ব্যবসা খারাপ। আবার গর্জিয়াস ড্রেসগুলা রেডিমেডই বেশি পাওয়া যায়। তাই রেডেমেড কিনা নিতাছে।”

তবে দর্জিপাড়ায় কাজ কমে যাওয়ার জন্য পোশাক তৈরিতে বেশি মজুরি নেওয়াকে দায়ী করছেন ক্রেতারা।

ইসমাইল ম্যানশনে পোশাক তৈরির জন্য আসা রোকসানা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুতির কামিজের মজুরি দিতে হয় ৪০০ টাকা। আর একটু ডিজাইন দিলেই ৫০০-৬০০ টাকা মজুরি নিচ্ছে। এক হাজার টাকার একটা ড্রেসে মজুরিই লেগে যায় ৫০০-৬০০ টাকা আবার সেটা মন মতো হয় না। বানাব কী করে? এ কারণেই রেডিমেড কাপড় কিনে ফেলি।”

ইসমাইল ম্যানশনের কাটিং মাস্টার জসিমের দোকানটি ২৮ বছরের পুরনো। বাঁধা ক্রেতা থাকায় ব্যবসা ভালই তার। তবে তিনিও অন্যান্য বারের তুলনায় কিছুটা কম কাজ পেয়েছেন।

“আমার সব রেগুলার কাস্টমার। এইখানেই সবাই বানায়। তবে এইটা ঠিক এবার কাস্টমার কম।”

মজুরি বেশি নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “সব কিছুরই দাম বাড়ছে। কারিগরদের মজুরি বাড়ছে, কারেন্টের বিল বাড়ছে। মজুরি কি আগের মতো থাকব? একটু তো বাড়বই।”

ফার্মগেইট ও মিরপুরের দর্জি দোকানগুলো থেকেও জানানো হল কাজ কম পাওয়ার কথা।

ফার্মগেইট সুপার মার্কেট ও তেজকুনী পাড়ায় দুটি দোকান রয়েছে বাবলু গোমেজের।

তিনি বলেন, “এইবার ব্যবসা একটু কম। কাজ কম থাকায় এখনও অর্ডার নিচ্ছি। আবার অনেক কাস্টমার বলে রাখছে, পরে অর্ডার দিবে। তাদেরটাও করে দিতে হবে। শেষ দিকে অনেক প্রেসার যাবে। প্রথমদিকে তো তেমন কাজ ছিল না। ১৫ রোজার পর কাজ শুরু হইছে।”  

একই অবস্থা ছেলেদের দর্জির দোকানগুলোতেও।

ফার্মগেইট সুপার মার্কেটের শুভ মাস্টার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের কাটিং মাস্টার আলম বলেন, “এইবার কাজের অর্ডার এতটাই কম তা বলার না। এ বছর কাজের কোনো হদিস নাই। চাঁদ রাত পর্যন্ত অর্ডার নেওয়া যাবে।”

মিরপুর ১২ নম্বরের নকশী টেইলার্সে ছেলে ও মেয়েদের সব পোশাক তৈরি করেন ইদ্রিস আলী।

তিনি বলেন, “মেয়েদের কাজ আছে তাও। কিন্তু ছেলেদের কার্জের অর্ডার নাই। অন্যান্য বার তো পাঞ্জাবী, শার্ট, প্যান্টের অনেক অর্ডার থাকে; এবার নাই।”