রোমিংয়ে বিশেষ সুবিধা দিতে বাংলালিংক-গো যায়ান চুক্তি
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বিদেশে গ্রাহকদের অবকাশকালীন ভ্রমণে রোমিংয়ের সুবিধা আরও উপভোগ্য করতে অনলাইন ভ্রমণ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ‘গো যায়ান’ ( Go Zayaan) এর সাথে চুক্তি করেছে।
অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির ফলে বাংলালিংকের রোমিং গ্রাহকরা গো যায়ান-এর হলিডে প্যাকেজগুলোতে তিন হাজার টাকা ছাড়ের পাশাপাশি মাত্র দুই হাজার টাকার সিকিউরিটি ডিপোজিটে রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন।
বিশেষ ক্ষেত্রে গ্রাহকরা সিকিউরিটি ডিপোজিটে (এসডি) পাবেন ১০০% ছাড়। এছাড়া শীর্ষ ২৫টি গন্তব্যে গ্রাহকরা পাবেন বিশেষ রোমিং রেটের সুবিধা। প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা রোমিং কভারেজের উপর অফারটি উপভোগ করতে পারবেন।
এই অফারটি উপভোগ করতে গ্রাহকদের হ্যান্ডসেট থেকে ম্যানুয়ালি পছন্দসই নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। সকল ভয়েস কলের জন্য ৬০-সেকেন্ড পালস প্রযোজ্য হবে।
রোমিং অ্যাক্টিভেট করতে গ্রাহকদের বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। হলিডে ট্যুর প্যাকেজ সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে হবে ‘গো যায়ান’ এর সাথে। এই অফার ৩ জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রযোজ্য।
বাংলালিংকের কোর প্রোডাক্টস, আইআর অ্যান্ড ভ্যাস ডিরেক্টর আব্দুল্লাহ ফয়েজ বলেন, “এই বিশেষ অফার গ্রাহকদের বিদেশে উপভোগ্য অবকাশযাপন নিশ্চিত করবে। আমরা আশা করি, বিশেষ এই অফার তাদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে তুলবে।”
গো যায়ান-এর প্রতিষ্ঠাতা ও সিইও রিদওয়ান হাফিজ বলেন, “এই আকর্ষণীয় অফার বাংলালিংক গ্রাহকদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে, কারণ এখন তারা রোমিংয়ের উচ্চমূল্য সম্পর্কে চিন্তামুক্ত থাকতে পারবেন। এই অফার তাদের ভ্রমণ অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে।”
