২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমেছে ওয়ালটন স্মার্টফোনের

ঈদ উপলক্ষে কয়েকটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 07:39 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মডেলভেদে তাদের স্মার্টফোনের দাম ৪০০ টাকা ২ হাজার টাকা পর্যন্ত কমেছে।

যেসব হ্যান্ডসেটের দাম কমানো হয়েছে সেগুলো হল- প্রিমো জেডএক্সথ্রি, প্রিমো এনএইচথ্রি লাইট, প্রিমো এনএইচথ্রিআই, প্রিমো জিএইট, প্রিমো এইচএমফোর এবং প্রিমো এইচ৭।

ওয়ালটন সেলুল্যার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, ঈদের কেনাকাটায় যুক্ত হয়েছে প্রযুক্তিপণ্যও। নিজে ব্যবহার করা ছাড়াও প্রিয় মানুষকে ঈদ উপহার হিসেবে অনেকেই স্মার্টফোন দিতে চান। সে কারণে ক্রেতাদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে ওয়ালটন স্মার্টফোনে এই মূল্যহ্রাস ঘোষণা করা হয়েছে।

হ্রাসকৃত মূল্যে ওয়ালটন প্রিমো জেডএক্সথ্রি দুই হাজার টাকা কমে বর্তমানে পাওয়া যাচ্ছে ২৭ হাজার ৯৯০ টাকায়। প্রিমো এনএইচথ্রি লাইটের দাম কমেছে ৮৯১ টাকা। এটি এখন পাওয়া যাচ্ছে ৫ হাজার ৫৯৯ টাকায়।

প্রিমো এনএইচথ্রিআই ৫৯১ টাকা কমে মিলছে ৫ হাজার ৬৯৯ টাকায়। প্রিমো জিএইট ৫০০ টাকা কমে এখন দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৯ টাকায়। আর প্রিমো এইচএমফোর এবং প্রিমো এইচ৭-এর দাম ৪০০ টাকা করে কমে বর্তমানে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৭ হাজার ৪৯০ এবং ৭ হাজার ৫৯৯ টাকায়।

ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ছয় মাসের ইএমআই সুবিধায় কেনা যায় সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে।