২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বাজারে বৃষ্টির বাগড়া

রোজার মাঝামাঝিতে এসে জমে ওঠা ঈদ বাজারে ক্রেতা সমাগমে ছন্দপতন ঘটাচ্ছে এই মৌসুমের বৃষ্টি।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 01:42 AM

Updated : 11 Oct 2022, 12:23 PM

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে অন্যান্য দিনগুলোর তুলনায় বাড়তি চাপ থাকলেও বৃষ্টির কারণে বিক্রি কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার রোজার ১৫তম দিনে বিভিন্ন শপিং মল ও বিপণিবিতানগুলোতে সকাল থেকেই ভিড় দেখা যায়। তবে বেলা ১টার পর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে দুপুরে ক্রেতা ছিল কিছুটা কম। বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোর বিক্রেতাদেরও।

মিরপুর ১০ নম্বর,  ২ নম্বর, ফার্মগেইট, গাউছিয়া, নিউ মার্কেট, গুলিস্তান, পল্টন, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাতের দোকানগুলো বৃষ্টির কারণে বন্ধ রাখে দোকানিরা।  আবার অনেকে পলিথিন, ছাতা ও ত্রিপল টাঙিয়ে বিকিকিনি চালিয়ে যান।

মিরপুর ১০ নম্বরের শাহ আলী প্লাজার সামনের ফুটপাতে গেঞ্জি, টি-শার্ট বিক্রি করেন আনিস। সাপ্তাহিক ছুটির দিনে যেখানে ‘বেচাবিক্রি বেশি’ হওয়ার কথা সেখানে বৃষ্টির কারণে ভাটা বলে জানান তিনি।

শুক্রবার অনেক ক্রেতা থাকলেও বৃষ্টির কারণে দোকান বন্ধ রাখতে হয় আনিসকে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির জন্য তো দোকান বন্ধ রাখছিলাম। আমরা তো রাস্তায় বসি, বন্ধ না রাখলে তো ভিজা যাইব। 

“গরিবের আর কি! মরার ওপর খাড়ার ঘা। এই দেড় ঘণ্টা দোকান খোলা রাখলে বিক্রি অনেক বাড়ত।”

বৃষ্টির কারণে ‘মন মতো’ বিক্রি করতে পারছেন না ফার্মগেইটের কাপড় বিক্রেতা এনামুল।

তিনি বলেন, “শুক্রবার বিক্রি বেশি হয়। টার্গেট করছিলাম অনেক বিক্রি করব। সকাল থেকে বিক্রিও হচ্ছিল। কিন্তু বৃষ্টিটা পণ্ড করে দিল।”

গুলিস্তানের ফুটপাত ও রাস্তার উপরের দোকানগুলোর বিক্রেতারা পলিথিন ও ত্রিপল টাঙিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিক্রি করছিলেন।

পাঞ্জবি ও ফ্রক বিক্রেতা আমিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার বার তো দোকান বন্ধ রাখা যায় না। তাই পলিথিন দিয়া রাখছি।

“কম বৃষ্টি আসলে পলিথিন দেওয়া থাকলে কাপড় ভিজে না। বেশি বৃষ্টি হলে ত্রিপল দিয়া ঢাইকা দেই।”

বৃষ্টিতে দুপুরের দিকে ক্রেতা কম পাওয়ার কথা জানান মিরপুর ১০ নম্বরের শাহ আলী প্লাজায় ছেলেদের ফ্যাশন ব্র্যান্ড ‘রিচম্যান’-এর শাখা ব্যবস্থাপক নাসির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মোটামুটি কাস্টমার এসেছে। তবে দুপুরে বৃষ্টির পর থেকে কাস্টমার কম।”

তবে রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনি চক এবং এর আশপাশের বিপণিবিতানগুলোতে শুক্রবার ক্রেতাদের বেশ ভিড় দেখা গিয়েছে।

চাঁদনি চক শপিং কমপ্লেক্সের ‘হেভেন ফ্যাশন’র বিক্রেতা এনামুল বলেন, “বৃষ্টি হলেও আজকে কাস্টমার অনেক বেশি আসছে।”

এদিকে বৃষ্টি এবং পথে জলজটের কারণে ঈদের কেনাকাটায় ঝামেলা পোহাতে হয়েছে ক্রেতাদেরও।

নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা তাজিন আশরাফী বলেন, “এমনিতেই অন্যান্য দিন ছুটি না থাকায় আজ এসেছি। কিন্তু বৃষ্টির কারণে কেনাকাটা করতে পারছি না। ভেবেছিলাম আজ কেনাকাটা শেষ করব। কিন্তু হয়ে উঠবে না মনে হয়।”

এই বৃষ্টি বিপত্তিতেও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সাপ্তাহিক ছুটির দিনে সেখানে ছিল উপচেপড়া ভিড়।

ওই মার্কেটের ‘ফ্যাশন জোন’র ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রি হচ্ছে। দুপুরের পর থেকে কিছুটা সময় কম কাস্টমার ছিল। কিন্তু ওভারঅল ভালোই বিক্রি হচ্ছে।”