২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই প্রবৃদ্ধি ধরে রেখেছে মার্কেন্টাইল ব্যাংক: এমডি

মার্কেন্টাইল ব্যাংক টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে বলে দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মসিহুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 09:00 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ২ জুন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে প্রতিষ্ঠানটি ।

সংবাদ সম্মেলনে মসিহুর রহমান বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই মার্কেন্টাইল ব্যাংক তার প্রত্যাশিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা আগামী ২ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ঘটা করে পালন করতে চাই। কারণ আমরা ২০ বছরে ৪০ বছরের সফলতা অর্জন করেছি। আমরা প্রথম জেনারেশনের ব্যাংক থেকেও এগিয়ে আসতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে ব্যাংকের দক্ষ ম্যানেজমেন্টের কারণে।

“আমরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি। ব্যাংকের মুনাফা বেড়েছে। আমরা নন পারফরমিং লোন (এনপিএল) কমিয়ে আনতে পেরেছি। এখানে এনপিএল যা আছে তা আমাদের বড় গ্রাহকদের; পরিচালকদের পক্ষ থেকে ঋণ নিয়ে খেলাপি নয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), মোহাম্মদ সেলিম ও মোশাররফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি ডব্লিউ এম মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হান প্রমুখ।

ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ বলেন, “আমাদের দক্ষ ম্যানেজমেন্ট ব্যাংকটাকে সঠিকভাবে পরিচালনা করছেন।

“আর এ জন্য ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আমরা শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ দিতে পেরেছি।”

ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, “সম্প্রতি ব্যাংকের বেশ কিছু ঘটনায় ব্যাংক খাত একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। এতে ব্যাংকের শেয়ারের দরেও অনেক প্রভাব পড়েছে। এখানে ভালো খারাপ এক সাথে মিশে গেছে। তবে এর মধ্যে মার্কেন্টাইল অনেক ভালো করেছে।”