২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পোশাকখাতের উন্নতি ‘বিস্ময়কর’: বার্নিকাট

রানা প্লাজা ধসের পর সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশের তৈরি পোশাকখাতে কর্মপরিবেশের যে উন্নতি হয়েছে তাকে ‘বিস্ময়কর’ বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 09:53 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

সোমবার বিজিএমইএ ভবনে ‘বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ শিক্ষাসফর’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বার্নিকাট বলেন, “রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাকখাতের অনেক উন্নতি হয়েছে, যা আন্তর্জাতিক মানের।”

এই নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে ক্রেতা জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের সহায়তা করেছে জানিয়ে তিনি বলেন, “সংগঠন দুটির মেয়াদ শেষ হলে পোশাক শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

বিজিএমইএ আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের নাম ঘোষণা করা হয়।

বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৭ প্রোগ্রামে নির্বাচিত ছয়জন সাংবাদিক ও তিনজন মেন্টর আগামী ২৩ জুন সপ্তাহব্যাপী শিক্ষা সফরে যুক্তরাষ্ট্র যাবেন।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।”

তিনি জানান, ফেলোশিপ পাওয়া সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের পোশাক শিল্প সংশ্লিষ্ট নীতিনির্ধারক, সাংবাদিক, শীর্ষ কর্মকর্তা, শ্রমিক ও ভোক্তা সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর মাধ্যমে ফেলোশিপ পাওয়া সাংবাদিকরা নিজেদের সমৃদ্ধ করবেন, যা দেশের পোশাক খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে মনে করেন সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেলোশিপের মেন্টর গাজী মিডিয়া গ্রুপের এডিটর-ইন-চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিকী এবং সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নওরীন চৌধুরী ।

তৈরি পোশাক শিল্প নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে এই খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ ২০১৭’ পেয়েছেন একাত্তর টিভির স্টাফ রিপোর্টার কাবেরী মৈত্রেয়, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব, ডেইলি সানের স্টাফ করেসপন্ডেন্ট জসিম উদ্দিন, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম চৌধুরী, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল তুষার ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ হাসানুল আলম শাওন।

২০১৫ সাল থেকে যৌথভাবে এ ফেলোশিপ দিয়ে আসছে বিজিএমইএ ও ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।

এর আগে দুই বার ফেলোশিপ পাওয়া সাংবাদিকদের জার্মানি ও নেদারল্যান্ডসে শিক্ষা সফরে নেওয়া হয়েছিল।