২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটের কারণে ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের উদ্বেগ

রাজধানীতে যানজটের ফলে কর্মঘণ্টার অপচয় এবং ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ী নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2018, 09:46 PM

Updated : 19 Aug 2022, 02:05 PM

এছাড়াও সম্প্রতি মহাসড়কে ট্রেইলার, লরি ও ভারি যানবাহনের বহন ক্ষমতা নিয়ন্ত্রণের কারণে যানের সংখ্যা বেড়ে গেছে, যা যানজটের একটি বড় কারণ বলে মনে করেছেন তারা। সড়কে যানের সংখ্যা বাড়ায় পরিবহন খরচ এবং ব্যবসার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তারা।

শনিবার এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভস (সিটি করপোরেশন) এর এক সভায় ব্যবসায়ী নেতারা এসব বিষয়ে আলোচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় আলোচকরা মহানগরীগুলোতে গণপরিবহন সেবা উন্নত করার ওপর গুরুত্ব দেন। নগরীর সড়কগুলো প্রতিবছর সংস্কারের সময় পুরনো বিটুমিনের ওপর আবার বিটুমিন দেওয়ায় সড়কের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান তারা।

এছাড়াও পুরান ঢাকার স্বল্প আয়তনের সড়কগুলোতে যানজটের কারণে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় এর সুরাহাও কামনা করেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে ব্যবসায়ী নেতরা মত প্রকাশ করেন। রমজান মাসে ভেজাল প্রতিরোধে চলমান অভিযানের যাতে অপব্যবহার না হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার বিষয়ে আলোকপাত করেন তারা।

স্ট্যান্ডিং কমিটির পরিচালক (ইন-চার্জ) আবু মোতালেব সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন।

কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং পরিচালক হাফেজ হারুণ অর রশিদ আলোচনায় অংশ নেন।