২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁকডাক নেই গুলশান-বনানীর ইফতারে

ছুটির দিনে রোজা শুরু হওয়ায় প্রথম দিনের ইফতারের জন্য তেমন একটা চাপ ছিল না গুলশান বনানীর হোটেল-রেস্তোরাঁগুলোতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 08:28 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

প্রথম দিন এসব এলাকার রেস্তোরাঁগুলোর সামনে ইফতার সামগ্রীর পরিমাণ যেমন কম ছিল, আয়োজনের ছিল না তেমন বৈচিত্র্য।

বনানী কাঁচাবাজার এলাকায় নর্দার্ন ক্যাফে রেস্টুরেন্টর ব্যবস্থাপক দ্বীন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশান বনানীর অধিকাংশই হচ্ছে বাণিজ্যিক এলাকা। এই অঞ্চলের ব্যস্ততা হচ্ছে অফিসকেন্দ্রিক।

“প্রথম রোজায় ছুটির দিন হওয়ার কারণেই এমন শুনশান নিরবতা দেখতে পাচ্ছেন। দুদিন পর পরিস্থিতি পাল্টে যাবে। বেচাবিক্রির ব্যস্ততায় কথাবলার ফুসরত থাকবে না।”

এই এলাকার রেস্তোরাঁগুলোর ইফতার আয়োজনে ছোট বড় মাঝারি আকারের পাত্রে হালিম রয়েছে। এছাড়া ডিম চপ, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, রেশমি জিলাপি, শাহী জিলাপি, কাবাব, শামী কাবাব, চিকেন সসলেক, আলু পরাটা, চিকেন পরাটা রয়েছে। কিছু কিছু জায়গায় গরু ও খাসীর মাংস ভুনাও সাজিয়ে রাখা হয়েছে।

বনানীর ক্যাফে নাম্বার ওয়ান, তাজমহল, গোল্ড স্টার রেস্তোরাঁতেও একই ধরনের আয়োজন দেখা গেছে। জিলাপির পাশাপাশি বুরিন্দা, ছোলাও রয়েছে এসব ইফতার আয়োজনে।

গুলশান-২ নম্বর চত্বরের খুশবু বাংলা রেস্তোরাঁর মালিক মো. হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী কাল শনিবারও গুলশান এলাকা বন্ধ। তাই এই এলাকায় বাহারি রকম ইফতার আয়োজন দেখতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।”

এই রেস্তোরাঁয় ইফতারসামগ্রী কিনতে আসা গুলশান-২ নম্বর এলাকার বাসিন্দা কিশোর জুলকারনাইন বলেন, এবারের ইফতার আয়োজনে কোনো জৌলুস নেই। ক্রেতার উপস্থিতি যেমন কম, তেমনি ইফতারের ‘আইটেমও’ হাতেগোনা।

বিকালে বনানী ১১ নম্বর রোডের ফুড সার্ভিস ফুড পান্ডার কার্যালয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডেলিভারি ম্যান নির্ভয়, জেমস ও হোসাইন কামালকে।

কামাল বলেন, রোজার শুরুর পর তাদের হোম ডেলিভারির সূচিও বদলে গেছে। আগে তারা সকাল ৮টা থেকে কাজ শুরু করতেন। এখন সেই সূচি সকাল ১১টায় আনা হয়েছে; ডেলিভারির অর্ডারও কমে গেছে।

গুলশান-২ নম্বর এলাকার খাজানা রেস্টুরেন্ট, বিন্নি রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্টের খাবারের ‘অর্ডার বেশি পড়ে’ বলে জানান এই ডেলিভারি কর্মীরা।

তাদের একজন বললেন, “আজ প্রথম রমযান। তাই আমরা বুঝতে পারছি না কোন রেস্টুরেন্টের ইফতারের চাহিদা বেশি হচ্ছে। ইফতারের অর্ডারও পড়েছে হাতেগোনা কয়েকটা।”

বনানী ও গুলশান-২ নম্বর চত্বরের তুলনায় কিছুটা সরগরম দেখা গেছে গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের ইফতার বাজার। ইফতারের আধাঘণ্টা আগে গুলশান-১ এর হাবিব রেস্টুরেন্ট ও সরদার রেস্টুরেন্টের সামনে ইফতার বেচাকেনার বেশ ভিড় দেখা যায়।

পাশাপাশি ডাব, তরমুজ, আনারস, আমসহ অন্যান্য মওসুমি ফলের পসরাও সাজিয়েছেন বিক্রেতারা।

গুলশানের একজন বিক্রেতা বলেন, গতবছরের মতো এবার পাঁচ টাকায় চপ, পেঁয়াজু, বেগুনি বিক্রি হচ্ছে। মোটা জিলাপির কেজি একশ টাকা আর চিকনগুলোর দাম প্রতি কেজি ২০০ টাকা। এছাড়া বুরিন্দা বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এই মার্কেটে ইফতার কিনতে আসা আলমগীর বলেন, ইফতারে ভাজা-পোড়া খাবার পরিহার করার কথা প্রায় বলা হয়। কিন্তু কিছু ইফতার আইটেম থাকে যা আসলে এভয়েড করা কঠিন। বাসায় কিছু ইফতারি তৈরি করা হলেও দোকানের ইফতারির চাহিদাও থাকে।

ইফতার তৈরির জন্য জিলাপি, বুরিন্দার পাশাপাশি ডিম চপ, কাবাব ও হালিম কিনে নেন আলমগীর।