২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগে দ্বিগুণ সবজির দাম

রোজা শুরুর কদিন আগে থেকে ঢাকার বাজারে পেঁয়াজ, চিনি ও মুরগির দাম বাড়ছিল, এখন চড়েছে সবজির দাম। অন্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে বিভিন্ন সবজির দর, ৬০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 09:41 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

রোজা উপলক্ষে ঢাকার জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশসহ অন্যান্য সরকারি সংস্থা বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে তদারকি শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তবে এই তদারকির মধ্যেই কয়েকটি পণ্যের দাম ‘অস্বাভাবিকভাবে’ বেড়েছে বলে কয়েকজন ক্রেতা অভিযোগ করেছেন।

রোজা শুরুর আগের দিন বৃহস্পতিবার ঢাকার মিরপুর-২ নম্বর এলাকার বড়বাগ কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, টমেটো ৭০ টাকা, পটল, ঢেঁড়শ, পেঁপে ৬০ টাকা, করলা ৭০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হাতিরপুল কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দুল, শসা, করলা ও টমেটো সব সবজির দামই প্রতিকেজি ৬০ টাকা বলে জানাচ্ছেন বিক্রেতারা।

গত শুক্রবার বড়বাগ বাজারে পটল ৩০ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হাতিরপুলের সবজি বিক্রেতা সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজাকে সামনে রেখে কারওয়ান বাজারের পাইকারি হাটে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। অধিকাংশ সবজিই পাইকারিতে প্রতিকেজি ৫০ টাকা করে কিনতে হচ্ছে।”

সোলায়মান পণ্যের এই দাম যখন বলছিলেন, তখনই পাশ দিয়ে ডিএসসিসির বাজার ‘মনিটরিং টিম’ কাজ করছিল।

এক সপ্তাহ আগেই মুরগির দাম বেড়ে গিয়েছিল। তা আরও বেড়েছে।

ঢাকার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬৫ টাকা। একইভাবে লেয়ার মুরগির দাম উঠেছে প্রতি কেজি ২০০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে সাড়ে ৪শ’ থেকে ৫০০ টাকা কেজি দরে।

হাতিরপুলের মুরগি বিক্রেতা দ্বীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাপ্তান বাজার থেকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪৮ টাকা দরে পাইকারি কিনেছি। যাবতীয় খরচসহ এখন ১৬৫ টাকার কমে বিক্রির সুযোগ নেই।”

সরকারি সংস্থা টিসিবির হিসেবে গত এক সপ্তাহে ঢাকার বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে।

চিনি কেজিতে দুই টাকা বাড়লেও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে বলে টিসিবি জানিয়েছে।

তবে বড়বাগের সালাউদ্দিন জেনারেল স্টোরে গিয়ে দেখা যায়, চিনির সঙ্গে পেঁয়াজের দামও বেড়েছে।

গত সপ্তাহে চিনির পাইকারি দাম ৫০ কেজির বস্তা ২৬০০ টাকা ছিল, তা বেড়ে ২৭৭০ টাকায় উঠেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৩৪ টাকায়।

মুরগির দাম বাড়লেও মাছের বাজার স্থিতিশীল বলে দাবি করছেন বিক্রেতারা।

বাজারে রুই মাছের কেজি মানভেদে আড়াইশ থেকে সাড়ে তিনশ, কাতল মাছ সাড়ে তিনশ, মাঝারি আকারের বাগদা ও গলদা চিংড়ির কেজি সাড় চারশ টাকা থেকে ৫শ’ টাকা, মাগুর মাছ ৪৫০ টাকা ও শিং মাছ ৫শ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছিল বড়বাগে।