রোজায় বাজার তদারক করবে ডিএসসিসি
রোজার মাসে পণ্যের দাম স্থিতিশীল ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পাঁচটি বাজার তদারকির ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
রোজা শুরুর আগের দিন বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
মেয়র আসার আগেই কৃষি বিপণন অধিদপ্তরের বরাত দিয়ে হাতিরপুল বাজারে একটি মূল্যতালিকা প্রদর্শন করে ডিএসসিসি। তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে তালিকা দেওয়া দাম রাখা হচ্ছে না বলে কয়েকজন ক্রেতা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
মো. রাশেদ মিয়া নামের এক ক্রেতা অভিযোগ করেন, “তালিকায় ব্রয়লার মুরগির সর্বোচ্চ মূল্য প্রতিকেজি ১৪৭ টাকা লেখা থাকলেও ১৬৫ টাকার কমে পাওয়া যাচ্ছেনা। সিটি করপোরেশনের লোকজনের উপস্থিতিতেই এমনটি হচ্ছে। তারা চলে গেলে দাম কতে হবে চিন্তা করেন দেখেন।”
অভিযোগ নিয়ে মুরগি বিক্রেতা দ্বীন মোহাম্মদের কাছে গেলে তিনি বলেন, “ঢাকার কাপ্তান বাজারে ব্রয়লার মুরগির পাইকারি মূল্য পড়েছে প্রতি কেজি ১৪৮ টাকা। এর সাথে পরিবহন খরচ রয়েছে। এসব কারণে আমরা খুচরা মূল্য প্রতি কেজি ১৬৫ টাকা নির্ধারণ করেছি।”
মেয়র আসার পর বিষয়টি তোলা হলে তিনি কয়েকটি পণ্যের দাম বৃদ্ধির কথা স্বীকার করলেও গত রোজার তুলনায় এবার পরিস্থিতি ভালো বলেন।
বাজার মনিটরিংয়ের কথা জানিয়ে তিনি বলেন, “কাঁচাবাজারগুলোর বাইরে মূল্য তালিকা টানানো থাকবে। পাইকারি বাজার থেকে দর যাচাই-বাছাই করে তার সঙ্গে দাম সমন্বয় করে মূল্য তালিকাগুলো প্রস্তুত করা হচ্ছে। কোনো দাম নিয়ে যদি বিক্রেতাদের অপত্তি থাকে তা ভেবে দেখা হবে।”
হাতিরপুল বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ৪২ টাকা, বেগুন ৪৮ থেকে ৭২ টাকা, ঢেঁড়শ ৪২ টাকা, করলা ৬০ টাকা, পটল ৪৮ টাকা, চিচিঙ্গা ৫৪ টাকা, টমেটো ৬০ টাকা দাম নির্ধারণ করেছে সিটি করপোরেশন।
তবে চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙা, শসা, করলা, টমেটো সবকিছুই প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
