কৃষির সম্ভাবনা কাজে লাগানোর তাগাদা
দেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদানের বিষয়টিতে গুরুত্ব দিয়ে এই খাতে প্রয়োজনীয় গবেষণা বৃদ্ধি ও কৃষিপণ্যের রপ্তানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতারা।
মঙ্গলবার ‘অর্থনৈতিক সুবিধা অর্জনে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার এবং আন্তর্জাতিকমানের ভ্যালু এডিশন’ শীর্ষক এক সেমিনারে তারা এই মত দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ এগ্রো-বেসড প্রোডাক্ট প্রডিউসার অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএপিএমএ) এফবিসিসিআই সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, “বিশ্বজুড়ে ৯০ বিলিয়ন ইউএস ডলারের অর্গানিক ফুডের যে বিশাল বাজার রয়েছে, দেশের কৃষিখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে তার সুযোগ নেওয়া যেতে পারে।”
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু বলেন, “বাংলাদেশের কৃষিপণ্য ভাণ্ডারকে আমরা রপ্তানি আয়ের অন্যতম উৎসে পরিণত করতে পারি। তবে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে উৎপাদন, বৃদ্ধি প্রক্রিয়া এবং প্যাকেজিং প্রক্রিয়ায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএপিএমএ’র সভাপতি মো. রুহুল আমিন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খুরশীদ আলম।
