অ্যাপেই হবে বিকাশের লেনদেন
গ্রাহকদের লেনদেনকে আরো বেশি সহজ, দ্রুত এবং নিরাপদ করতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ চালু করেছে বিশ্বমানের অ্যাপ।
ইউএসএসডি (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) পদ্ধতির লেনদেন সুবিধা কার্যকর রেখেই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে নানা সৃজনশীল ফিচার সমৃদ্ধ বিকাশ অ্যাপ।
মঙ্গলবার হোটেলে সোনারগাঁওয়ে বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এই অ্যাপের বিভিন্ন দিক তুলে ধরেন।
কামাল কাদির বলেন, স্মার্টফোনের ব্যবহার ও ইন্টারনেটের ব্যপ্তি বাড়ায় অ্যাপ নিয়ে আসা হয়েছে। গত ১৮ মাস ধরে এ নিয়ে কাজ করা হয়েছে। ২৬ এপ্রিল এটি গুগলে আপলোড করা হয়।
বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, অ্যাপটি এরইমধ্যে ১৪ লাখ ডাউনলোড হয়েছে।
তিনি জানান, খুব স্বল্প অক্ষরজ্ঞান সম্পন্ন গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই বিকাশ অ্যাপে ইংরেজি ছাড়াও বাংলা ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।
ছবি এবং লেখা সমৃদ্ধ এই অ্যাপে ভয়েস অ্যাসিস্ট্যান্স বা মৌখিক নির্দেশনার সুবিধা আছে। যে কোনো লেনদেনের জন্য কি পদক্ষেপ নিতে হবে তা সুনির্দিষ্ট ধাপে গ্রাহকের পছন্দ অনুযায়ী বাংলা বা ইংরেজি ভাষায় নির্দেশনা দেয় এই অ্যাপ।
বিকাশ অ্যাপে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পিন (গোপন নম্বর) ব্যবহার ছাড়া এই অ্যাপের কোনো কার্যক্রম সম্ভব নয়। প্রতিবার অ্যাপ ব্যবহারের শুরুতে এবং যেকোনো লেনদেন করতে পিন ব্যবহার করতে হবে।
এর ফলে ফোন হারিয়ে গেলেও বিকাশ অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত থাকবে। এছাড়া প্রথমবার লগ ইন করার সময় সঠিক পিন নম্বর দেওয়ার পর গ্রাহকের বিকাশ নম্বরটিতে একটি কোড যাবে এসএমএস’র মাধ্যমে। যেটা সঠিক ভাবে না দিতে পারলে অ্যাপে ঢোকা যাবে না।
কেনাকাটাকে আরো সহজ এবং ঝামেলামুক্ত করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ছজ কোড স্ক্যান সুবিধা। যে কোনো সময় অনলাইন এবং অফলাইন কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
এছাড়া দেশের যে কোনো প্রান্তে বিকাশ এজেন্টদের কাছ থেকে ক্যাশ আউট করতেও যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ছজ কোড। বর্তমানে ৩০ হাজার দোকানে কোড স্ক্যান সুবিধা নিয়ে আসা হয়েছে বলে জানান বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী।
প্রতিটি অ্যাকাউন্ট প্রতিটি গ্রাহকের স্বতন্ত্র পরিচয় বহন করছে বিকাশ অ্যাপে। গ্রাহক নিজের ছবি, নাম বা পছন্দ অনুযায়ী নামে অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারছেন। গ্রাহকের গোপনীয়তা রক্ষার বিষয়টি এখানে গুরুত্বের সাথে দেখা হয়েছে।
অ্যাপের কল্যাণে মোবাইল রির্চাজও হচ্ছে আরো সহজ, নির্ভুল এবং দ্রুততর।
প্রিপেইড এবং পোস্টপেইড মোবাইলের ব্যালেন্স রিচার্জ করার সময় টাকার পরিমাণ ভ্যালু শর্টকাট থেকে বেছে নিয়ে যে কোনো ধরনের ব্যালেন্স রির্চাজ এখন অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে।
বিকাশের অ্যাপে যুক্ত হয়েছে সর্তকতার এক অনন্য সুবিধা। কন্ট্যাক্ট লিস্ট থেকে নম্বর নিয়ে পেমেন্ট, এয়ারটাইম কেনা, সেন্ড মানি করার মত যে কোনো পদক্ষেপের শেষ ধাপে যুক্ত হয়েছে ট্যাপ অ্যান্ড হোল্ড বাটন।
সকল ধাপ সম্পন্ন করে কয়েক সেকেন্ডের জন্য এই বাটনটি ট্যাপ করে রাখতে হবে। ঠিক সেই মুহূর্তেও যদি মনে হয় কোথাও ভুল হচ্ছে তাহলে ছেড়ে দিয়ে আবার পূর্বের ধাপগুলোতে ফিরে গিয়ে সংশোধনের সুযোগ থাকবে।
বিকাশ অ্যাপের মাধ্যমে এখন সারা মাসের আর্থিক হিসাব থাকবে নিবন্ধিত। অর্থাৎ কোথায় কবে কি খরচ করা হয়েছে তার মাসিক হিসাব থাকবে।
প্রতিমাসে নির্দিষ্ট সময়ে দিতে হয় এমন কিছু বিল বা পেমেন্ট থাকে। বিকাশ অ্যাপের মাধ্যমে এখানে রিমাইন্ডার দিয়ে রাখা যাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে অ্যাপ গ্রাহককে বিল দেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে।
যেসব এজেন্ট থেকে নিয়মিত ক্যাশ আউট করা হয় বা যেসব দোকানে নিয়মিত বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয় সেগুলোর নম্বর বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখার সুবিধাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কয়েকটি লেনদেনের ক্ষেত্রে পরিমাণ এবং সংখ্যা নির্ধারিত। প্রত্যেক গ্রাহক তার লেনদেন সীমার স্বতন্ত্র হিসাব পাচ্ছেন বিকাশ অ্যাপে। দৈনিক ও মাসিক- দুইভাবে তথ্য সাজানো আছে প্রতিটি গ্রাহকের বিকাশ অ্যাপে।
বিকাশ অ্যাপে ব্যালেন্স চেক করাও সহজ। পিন দিয়ে মূল স্ক্রিনে ঢোকার পরেই একটি ট্যাপেই গ্রাহক তার ব্যালেন্স চেক করতে পারছেন। কেবল তাই নয় প্রতিটি লেনদেনের সাথে সাথেই অবশিষ্ট ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে দেখিয়ে দেয় অ্যাপ।
বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে একটি অনন্য ফিচার ‘রিকোয়েস্ট মানি’। এর মাধ্যমে গ্রাহক তার জরুরি প্রয়োজনে টাকা চেয়ে পরিচিতজনের কাছে অনুরোধ পাঠাতে পারছেন। যে গ্রাহককে রিকোয়েস্ট পাঠানো হবে তিনি যদি চান তাহলে সহজেই টাকা পাঠিয়ে দিতে পারবেন রিকোয়েস্টকারীকে। অথবা রিকোয়েস্ট বাতিলও করে দিতে পারবেন।
কেবল এসএমএস নয় এখন অ্যাপের মাধ্যমেও সব লেনদেনের নোটিফিকেশন পাওয়া যাচ্ছে।
গ্রাহক চাইলে প্রিয়জনকে বিকাশ অ্যাপ ব্যবহারের জন্য রেফারও করতে পারবেন।
