‘জাগো কথাবাজ’ মাগুরার কণিকা বিশ্বাস
কথা বলার দক্ষতা ও উপস্থাপনায় ‘জাগো কথাবাজ-২০১৮’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মাগুরার কণিকা বিশ্বাস কণা।
বিজয়ী হিসেবে তিনি প্রতিযোগিতার আয়োজক ‘জাগো এফএম ৯৪.৪’ এর সাথে এক বছর চুক্তিতে রেডিও জকি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন।
প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে ‘জাগো কথাবাজ-২০১৮’ এর রেজিস্ট্রেশন শুরু হয়। এরপর ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে ভয়েস টেস্টের ৪২১ জনকে মনোনীত করা হয়। সেখান থেকে কথা বলার দক্ষতা ও উপস্থাপনা, শ্রোতাদের ভোট এবং বিচারকদের নম্বরসহ সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে পাঁচজনকে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচন করা হয়।
তাদের মধ্যে থেকে সেরা হয়েছেন কণিকা বিশ্বাস কণা।
প্রতিযোগিতার আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বিস্ক ক্লাবের ফ্রুটফান বিস্কুট এবং প্রাণ পটেটোস।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল’র পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, জাগো এফএম স্টেশনের প্রধান উদয় চৌধুরী, হেড অব মার্কেটিং রনি শাহ্, প্রাণ ফুডস লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং ও সেলস) আলী হাসান আলম এবং বঙ্গ বেকারস লিমিটেডের হেড অব মার্কেটিং মুশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ।
