রোজায় পণ্যের দাম বাড়বে না, ব্যবসায়ীদের আশ্বাস
সরবরাহ স্বাভাবিক থাকায় রোজায় রাজধানীতে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে বলছেন ব্যবসায়ীরা। এমনকি কিছু পণ্যের দাম গত বছরের চেয়েও কম থাকবে বলে তাদের দাবি।
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে মতবিনিময় সভায়েএই আশ্বাসের কথা শোনান ব্যবসায়ীরা।
এবারে ঢাকার বাজারে ফলের সরবরাহ গত বছরের তুলনায় বেশি বলে সভায় জানান ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ।
তিনি বলেন, “মার্কেটে খেজুর পর্যাপ্ত পরিমাণে আছে। এবার অন্যান্য বছরের চেয়ে খেজুরের দাম অনেক কম। ভেজা খেজুর যেটা রমজানে লোকজন বেশি খায়, সেটা গতবছর আমরা পাইকারি বাজারে বিক্রি করেছি ৮০ টাকা। এবার সেটা ৬৮ টাকা থেকে ৭২ টাকা কেজি।”
তবে টিসিবি এই ধরনের খেজুরের খুচরা মূল্য ১২০ টাকা নির্ধারণ করেছে বলে জানান হারুনুর রশিদ। এ সময় মেয়র সাঈদ খোকন জানতে চান, পাইকারি বাজারে ৭০ টাকার মধ্যে দাম হলে খুচরা বাজারে ১২০ টাকা কিভাবে হয়।
হারুনুর রশিদ বলেন, “এটা টিসিবি ভালো বলতে পারবে।”
খেজুরের দাম পুনর্মূল্যায়ণের অনুরোধ জানিয়ে ডিএসসিসি টিসিবিকে চিঠি পাঠাবে বলে জানান মেয়র।
পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে ফলের দামের পার্থক্য অনেক হয়, এজন্য খুচরা বাজারে নজরদারী বাড়ানোর অনুরোধ করেন ব্যবসায়ী হারুনুর রশিদ।
বাজারে কাঁচামালের সরবরাহও স্বাভাবিক বলে জানান হাতিরপুল কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক। তবে পাইকারি বাজার থেকে পণ্যের ক্যাশমেমো দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি।
“আমরা পাইকারি বাজারে কথা বলে জেনেছি সারাদেশ থেকে কাঁচামালের সরবরাহ প্রচুর আছে। কোনো ঘাটতি হবে না। পাইকারি বাজার থেকে যে মালগুলো যখন আমরা কিনি তখন ওনারা মেমো দিতে চান না। মেয়র মহোদয়ের কাছে অনুরোধ আপনি পাইকারি ব্যবসায়ীদের বইলেন যেন মেমোটা দেয়। কারণ মেমো না দিলে খুচরা ব্যবসায়ী কত দিয়ে কিনল তা বলা যায় না। এটা হলে খুচরা ব্যবসায়ীদের ওপর অধিক মুনাফা করার যে অভিযোগ সেটা আর হবে না।”
কাঁচামালের দাম এবার অনেক কম বলে দাবি করেন দয়াগঞ্জ কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক জানান।
তিনি বলেন, প্রতি কেজি বেগুন ৩০ টাকায় কিনে ৪০ টাকায় বিক্রি করছেন। তারা পাইকারি বাজার থেকে কেজি মরিচ ২৫ টাকা, ধনে পাতা ৪০ টাকা, কাঁকরোল ৫৬ টাকা, ঝিঙে ৩০ টাকা, শশা ৩০ টাকা কেজি দরে কিনছেন।
বৃষ্টি না হলে রোজায় এরচেয়েও কম দামে পাওয়া যাবে বলে জানান তিনি।
পেঁয়াজ, রসুন, মাংসের দাম এখন পর্যন্ত সহনীয় আছে বলে জানান নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিউল্লাহ।
তিনি বলেন, “আলু, পেঁয়াজ, আদা-রসুনের দাম এখনও নিয়ন্ত্রণে। ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকার মধ্যে। গত বছর যে খেসারি ডাল আমরা বিক্রি করতাম ৭০ থেকে ৮০ টাকা, এইবার এক নম্বরটা ৫২ থেকে ৫৫ টাকা কেনা পড়ে। ছোলার দামও এবার কম। মটরের যে ডাল সেটা আমি গতবছর পাইকারি কিনছি ১৬৫ টাকা, এবার আমি হোলসেল কিনছি শুধু ৬৫ টাকায়।”
ব্যবসায়ীদের দেওয়া তথ্যের বরাত দিয়ে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “এবার রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। রমজানে ইফতার সামগ্রীসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ডিএসসিসি কাজ করবে।
“এটা অত্যন্ত আনন্দের যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বেশি এবং দাম গতবারের চেয়ে তুলনামূলকভাবে কম। রমজানে যেন এই দাম ধরে রাখা যায়, তার সর্বাত্মক চেষ্টা আমরা করে যাব।”
মেয়র বলেন, বাজারদর নিয়ন্ত্রণে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে পাঁচটি মনিটরিং টিম কাজ করবে। কোনো ব্যত্যয় সহ্য করা হবে না।
“ফলে ফরমালিন, ইফতারে ভেজাল কোনোভাবেই বরদাশত করা হবে না। কোনো ব্যত্যয় হলে আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”
সভায় ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর, কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
