হোলসিমের বিশেষ সিমেন্ট
স্থাপনা নির্মাণে কম খরচে গুণগত মানসম্পন্ন প্লাস্টার সহায়ক ‘বিশেষ সিমেন্ট’ বাজারে এনেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ।
মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা।
প্লাস্টারক্রিট ব্র্যান্ডের এই বিশেষায়িত সিমেন্ট আপাতত কর্পোরেট ক্লায়েন্টরা কিনতে পারলেও খুব শিগগিরই সবাই তা কিনতে পারবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সুরানা বলেন, “প্লাস্টারক্রিটের মাধ্যমে প্লাস্টার অনেক বেশি মসৃণ হবে, যা এই কাজটাকে অনেক বেশি সহজ করবে। এই পণ্যের ব্যবহারে স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং ক্র্যাক কম হবে, যার ফলে মেরামতের প্রয়োজন পড়বে না।
“নতুন এই সিমেন্ট গ্রাহকদের সময় বাঁচাবে, খরচ কমাবে ও দেশের নির্মাণ খাতে বড় ধরনের প্রভাব ফেলবে।”
প্লাস্টারক্রিট ছাড়াও বাজারে কোম্পানির হোলসিম স্ট্রং স্ট্রাকচার, সুপারক্রীট, হোলসিম গ্রে ও হোলসিম রেড নামে চার ধরনের সিমেন্ট রয়েছে।
সুরানা বলেন, “লাফার্জ হোলসিম বাংলাদেশে বছরে ৪ দশমিক ২ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করছে। এরই মধ্যে আমরা বাংলাদেশে পাচঁশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।
“উৎপাদন খরচ তুলনায় কম দামেই গ্রাহকরা নতুন এই সিমেন্ট কিনতে পারবেন, তবে এখনও দাম নির্ধারণ করা হয়নি।“
সংবাদ সম্মেলনে লাফার্জ হোলসিম বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ট্রান্সফরমেশন ডিরেক্টর আসিফ ভূইঞা, হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ নাঈমুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
