২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে ‘বয়স্কদের’ ছাঁটাইয়ের নির্দেশনা মন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘সমস্যা সমাধানে' বয়সী কর্মীদের ছাঁটাইয়ের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 08:29 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

তিনি বলেছেন, “বিমানে অনেক বয়স্ক লোক আছে, যাদের কাজ করার শক্তি-সামর্থ্য নেই। তাদের সম্মানের সাথে ছাঁটাই করে ইয়ং এবং এনার্জেটিকদের নিয়োগ করুন।”

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিমানের কর্মীদের মধ্যে কত বছরের বেশি ব্যক্তিদের বয়স্ক ভাবছেন, তা স্পষ্ট হয়নি নতুন বিমানমন্ত্রীর কথায়।

তিনি ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি)’ আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কামাল বলেন, বিমান বাংলাদেশ জাতীয় পতাকাবাহী সংস্থা। তার সম্মান, সুনাম ধরে রাখতে সবার কাজ করে যেতে হবে। 

বিমানযাত্রীদের লাগেজ পৌঁছাতে দেরির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এটা কেন হচ্ছে, জানতে চাইলে আগে বলা হয়েছিল ‘মেশিনে সমস্যা রয়েছে’। গতকাল একজন বলল ‘জনবল নেই’।”

বাংলাদেশে বিমানের জ্বালানি জেট ফুয়েলের উচ্চ মূল্যের কারণে দেশি বিমান সংস্থাগুলো বিদেশিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না বলে মত এসেছে সোমবারই এক আলোচনা অনুষ্ঠানে।

মঙ্গলবারের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এটিসহ অন্য সব বিষয় নিয়ে সংসদীয় কমিটির সদস্যসহ অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।  

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ফারুক খান ছিলেন এই সভায় বিশেষ অতিথি। 

সাংবাদিক নাদিরা কিরণের সঞ্চালনায় সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ, নভো এয়ারের এমডি মফিজুর রহমান, ম্যাঙ্গো টুরের এমডি মাসুদ হোসেনও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

‘নীতির অভাবে এগোচ্ছে না এভিয়েশন খাত’