‘নীতির অভাবে এগোচ্ছে না এভিয়েশন খাত’
কোনো নীতি নেই বলে বাংলাদেশের বিমান পরিবহন খাত যথাযথভাবে এগিয়ে যেতে পারছে না বলে মত এসেছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) আয়োজিত গোলটেবিলে কয়েকজন বক্তা এমন মত দেন।
আইইবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই গোলটেবিলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালও ছিলেন।
বক্তাদের আলোচনায় এই খাতের অবকাঠামোগত সমস্যা, জ্বালানি তেলের অতিরিক্ত মূল্যসহ নানা বিষয় তুলে ধরেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা জরুরি বলেও মন্তব্য আসে তাদের মধ্য থেকে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, “বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একই সঙ্গে রেগুলেটরি প্রতিষ্ঠান, আবার সেবাপ্রদানকারী সংস্থা। একই সংস্থা দুটি কাজ করার ফলে সেবার বিষয়ে গাফিলতি হলে রেগুলেটর হিসেবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।”
বাংলাদেশের বিমানবন্দরগুলোতে আগুন নেভানোর পর্যাপ্ত সুবিধা আছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি।
গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম বলেন, “৪৭ বছর পার হয়ে গেলেও দেশে এভিয়েশন খাত নিয়ে কোনো পলিসি নেই। কীভাবে দেশের এ খাত এগিয়ে যাবে?”
বেসরকারি বিমান সংস্থাগুলোকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে বলেও তার অভিযোগ।
নিরাপত্তার প্রসঙ্গে নজরুল বলেন, “নিরাপদ অপারেশনের জন্য এয়ারক্রাফট মেরামত জরুরি, অথচ দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোর কোনো হ্যাঙ্গার নেই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের লিমিটেশন আছে।
“বাংলাদেশে খারাপ আবহাওয়া কম ভিজিভিলিটিতে এয়ারক্রাফট ল্যান্ড করতে না পেরে কলকাতায় চলে যায়। আবহাওয়াগত দুর্যোগ বাড়লে এসমস্যা আরও প্রকট হবে, এজন্য দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।”
বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি তেলের উচ্চ দামের কথাও বলেন তিনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, “যে কোনো এয়ারক্রাফট দুর্ঘটনায় পড়লে আগুনে পোড়া ও অর্থোপেডিক ক্যাজুয়ালটি বেশি হয়।
“আমাদের দেশে বিমানবন্দরের কাছের হাসপাতালে এসব বিষয়ে দ্রুত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দরকার।”
নেপাল দুর্ঘটনার পর ২৩টি লাশ একদিনে আসার পর বিমানবন্দরে ততগুলো অ্যাম্বুলেন্স না পেয়ে সমস্যায় পড়ার কথাও বলেন তিনি।
“আমরা ভাড়া করে অ্যাম্বুলেন্স এনেছিলাম, যে অ্যাম্বুলেন্সের ভাড়া ১০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়, কিন্তু আমাদের ১ লাখ টাকা ভাড়া দিতে হয়েছে।”
অনুষ্ঠানে ইআইবির সভাপতি মো.আবদুস সবুর, সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, সহসভাপতি মো. নুরুজ্জামান, মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক কাজী খায়রুল বাশারও ছিলেন।
সবার কথা শুনে মন্ত্রী শাহজাহান কামাল বলেন, “মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি বেশি দিন হয়নি, আমাকে সময় দিন। দেশে বিমানবন্দরগুলো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বক্তাদের বিভিন্ন সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দেন তিনি।
