২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ল্যাপটপে উইন্ডোজের ‘অরিজিনাল ভার্সন’

পাইরেটেড সফটওয়্যার ব্যবহার ঠেকাতে এবার ওয়ালটন তাদের ল্যাপটপে মাইক্রোসফটের ‘আসল’ উইন্ডোজ ব্যবহারের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 09:09 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

সোমবার বিকালে রাজধানীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে মাইক্রোসফটের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাণের দেশীয় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসেছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

মোস্তাফা জব্বার বলেন, “যারা উইন্ডোজ ব্যবহার করেন, তাদের অনেকে উচ্চমূল্যে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। অথচ তারা জানেন না, মাইক্রোসফট উইন্ডোজের অরিজিনাল ভার্সনটি যদি তারা ইউজ করতেন, তবে তাতেই ইন-বিল্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিও তারা পেয়ে যেতেন। তারা যে অতিরিক্ত দাম দিয়ে অ্যান্টিভাইরাস কিনছেন, সে টাকা দিয়ে তো তারা উইন্ডোজের অরিজিনাল ভার্সনটি কিনতে পারেন।”

সফটওয়্যার শিল্পে মেধাস্বত্ত্ব সংরক্ষণে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

ওয়ালটন ডিজি টেকের চেয়ারম্যান  এস এম রেজাউল আলম শামীম অনুষ্ঠানে বলেন, “দেশে মাত্র ৫-৬ শতাংশ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী জেনুইন উইন্ডোজ সফটওয়্যারটি ব্যবহার করছে। বাকিরা প্রায় সবাই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করছে। আমরা এটা ঠেকাতে চাই।

 “তাছাড়া আমরা যখন জেনুইন উইন্ডোজ ব্যবহারের কথা বলছি, ক্রেতারা ভাবছে উচ্চমূল্যের কথা। সব দিক বিবেচনা করে, আমরা ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে মাইক্রোসফটের জেনুইন উইন্ডোজকে নিয়ে আসছি।”

শামীম জানান, ওয়ালটনের ল্যাপটপ কিনতে এখন চলতি মূল্যের চেয়ে কিছুটা বেশি গুণতে হবে ক্রেতাদের।

তিনি জানান, শুধু বাংলাদেশেই নয়, ওয়ালটন এখন নেপাল, ভুটান ও নাইজেরিয়াতেও তাদের ল্যাপটপ বিক্রি শুরু করেছে।

পরে মাইক্রোসফটের পক্ষে দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপক অ্যান ল্যাপসিয়া ও  ওয়ালটনের পক্ষে ওয়ালটন কম্পিউটার প্রজেক্টের ইন চার্জ ও নির্বাহী পরিচালক লিয়াকত আলী চুক্তিতে স্বাক্ষর করেন।

এর আগে টেলিফোন শিল্প সংস্থার উদ্যোগে নির্মিত দোয়েল ল্যাপটপেও মাইক্রোসফট উইন্ডোজের অরিজিনাল ভার্সনটি ব্যবহার করা হয়েছিল।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী ছাড়াও ওয়ালটন ও মাইক্রোসফটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।