জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিস
এশিয়ার তথ্যপ্রযুক্তিবিদদের মিলনমেলা হিসেবে খ্যাত জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টোকিওতে ৯-১১ মে জাপান আইটি উইকে প্রতিবারের মতো এবারো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বেসিস।
বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান এবং সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদের নেতৃত্বে অংশ নেবে ৩৫ সদস্যের প্রতিনিধি দল।
বেসিস থেকে এবার ১৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান জাপান আইটি উইকে বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের সেবা প্রদর্শন করবে।
বিভিন্ন দেশের নামিদামি প্রতিষ্ঠান নিজেদের অত্যাধ্যুনিক সেবা তুলে ধরে জাপানের সবচেয়ে বড় এ তথ্যপ্রযুক্তি মেলায়। পাশাপাশি বিনিয়োগকারী ও তথ্যপ্রযুক্তিবিদদের মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মেলা।
এ প্রসঙ্গে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, “জাপান আইটি উইক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যে নিজেদের দক্ষতা প্রদর্শনের অন্যতম বড় মাধ্যম। বিগত কয়েক বছর ধরে বেসিস সদস্যদের জাপান আইটি উইকে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এতে জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে অনেক জাপানী বিনিয়োগকারী বাংলাদেশি প্রতিষ্ঠানে ইতোমধ্যে বিনিয়োগ শুরু করেছেন। ”
এবার জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বেসিসের সদস্য প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড, বিডিটাস্ক, প্রাইডসিস আইটি, কমলিঙ্ক ইনফো টেক, নেসেনিয়া লিমিটেড, ইক্সোরা সল্যুশন, শিওর সফট টেকনোলজি, ই-জেনারেশন, লিডসফট বাংলাদেশ, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ, সিসটেক ডিজিটাল, মিডিয়া৩৬৫, ডেসটিনি ইনকরপোরেশন, ইনফোক্রেট সল্যুশনস এবং বিজেআইটি ।
এছাড়া প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে বেসিস সদস্য প্রতিষ্ঠান একেআর টেকনোলজি, আর্কলাইট সিস্টেমস, ডেটাফোর্ট লিমিটেড, মিডিয়াসফট ডেটা সিস্টেমস, এথিকস এডভান্স টেকনোলজি, র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস ।
বেসিস থেকে ৩৫ সদস্যের প্রতিনিধিদলের পাশাপাশি জাপান আইটি উইকে অংশ নিচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক, এলআইটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিএস এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিনিধি দল।
