২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকপণ্যে কর বাড়ানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

আগামী অর্থ বছরে সিগারেট, বিড়িসহ সব তামাকপণ্যে ‘যৌক্তিক হারে’ কর বাড়ানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 11:57 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

রোববার তামাক বিরোধী সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় তিনি এই আশ্বাস দেন।

এর আগে আত্মার সহ আহ্বায়ক নাদিরা কিরণ ২০১৮-১৯ অর্থবছরের জন্য তামাক-কর বিষয়ক বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা, উচ্চস্তরের ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার কথা বলা হয়েছে।

একই সাথে বিড়ির ক্ষেত্রে ফিল্টার ও ফিল্টারবিহীন প্রথা বাতিল করে ২৫ শলাকার সর্বানিম্ন মূল্য ৩০ টাকা নির্ধারণ করাসহ ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। পাশাপাশি ধোঁয়াবিহীন তামাকপণ্যে (জর্দা ও গুল) এক্স-ফ্যাক্টরি প্রাইস প্রথা বিলুপ্ত করে সিগারেট ও বিড়ির ন্যায় খুচরা ভিত্তিতে করারোপ করারও প্রস্তাব করা হয়।

আত্মা বলছে, এই প্রস্তাব গ্রহণ করা হলে প্রায় ৬৪ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী  ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে এবং সিগারেটের ব্যবহার ২.৭ শতাংশ ও বিড়ির ব্যবহার ২.৯ শতাংশ হ্রাস পাবে। এছাড়াও ৭৫ থেকে ১০০ বিলিয়ন টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে।

মতবিনিময় সভায় আত্মা’র প্রতিনিধি হিসেবে সাংবাদিক শাহনাজ মুন্নী, মর্তুজা হায়দার লিটন, মিজান চৌধুরী, দৌলত আক্তার মালা, মো: জসিম উদ্দিন, রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।