২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে পেঁয়াজ-রসুনে বাড়তি ঝাঁঝ

রোজা শুরুর আগে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 04:21 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

সরবরাহ ঘাটতির কারণে শাক সবজির দামও কিছুটা বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, প্রতি পাল্লা (৫ কেজি) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৪০ টাকা। সেই হিসাবে দেশি পেঁয়াজের কেজি ৩৮ টাকা আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে ২৮ টাকা।

ঠিক এক সপ্তাহ আগে কারওয়ান বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ছিল ৩৪ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ছিল ২৫ টাকা।

এই বাজারের পেঁয়াজ বিক্রেতা রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝখানে কিছুদিন দাম স্থিতিশীল ছিল। এখন মোকামে দাম বাড়তে শুরু করেছে।

পেঁয়াজের পাশাপাশি আমদানি করা রসুনের দামও কেজিতে অন্তত ৩০ টাকা বেড়েছে। পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণেই খুচরায় দাম বাড়তে শুরু করেছে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে দেশি রসুন আগের মতোই প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

দুই সপ্তাহ আগে চীনা রসুন প্রতিকেজি ৮০ টাকা দরে বিক্রি হলেও গত সপ্তাহে তা বেড়ে গিয়ে ৯০ টাকায় বিক্রি হয়। চলতি সপ্তাহে চীনা রসুনের দাম প্রতিকেজি ১২০ টাকা।

রসুনের মতো বিভিন্ন মানের আদার দামও গত দুই সপ্তাহে ৮০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম প্রতিকেজি ১৬০ টাকায় ঠেকলেও চলতি সপ্তাহে তা কমে আবার ১৪০ টাকায় নেমেছে। তবে আগের মতোই কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে শাক-সবজি।

কারওয়ান বাজারে প্রতি কেজি পটল ৪০ টাকা, ঢেঁড়শ ২৫ টাকা, করল্লা ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, শসা ২৫ টাকা, বেগুন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রমজান মাস সামনে রেখে এবার ডাল-ছোলাসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে বলে মুদি দোকানিরা জানিয়েছেন। তবে গত এক সপ্তাহে চিনির দাম কিছুটা বেড়েছে।

মুদি দোকানি কেএম আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে অন্তত ৪ টাকা বেড়ে এখন ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার দোকানে চিনি বিক্রি হচ্ছে এখন ৬০ টাকায়।

বাজারে সবচেয়ে ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকায়। এছাড়া ৬৪ টাকা ও ৬৫ টাকা দরেও ছোলা বিক্রি হচ্ছে। কাবলি বুট প্রতি কেজিতে ৪০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া খেসারি ডাল কেজিপ্রতি ৫৫ টাকা, ডাবলি ৩৮ টাকা, মসুর ডাল ৫৫ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে বেঙ্গল ট্রেডার্সের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, রোজাকে সামনে রেখে অধিকাংশ মুদিপণ্যের দাম স্থিতিশীল আছে। সোয়াবিন তেলের দাম আগের চেয়ে নিম্নগামী। প্রতি লিটার খোলা সোয়াবিন তেল ৮৭ টাকা, পাম তেল ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। চিনির ৫০ কেজির বস্তা এখন ২৬০০ টাকা থেকে ২৭০০ টাকার মধ্যে।

রমজানে চাহিদার শীর্ষে থাকা খেজুরের দামও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আরেক বিক্রেতা হোসাইন আহমেদ।

তিনি বলেন, বাজারে এখন সবচেয়ে ভালো মানের খেজুর বা মরিয়ম খেজুরের কেজি ৭৫০ টাকা, তিউনিশীয় খেজুর ৩৮০ টাকা, দাবাস খেজুর ২৪০ টাকা এবং খোলা খেজুর ১২০ টাকায় বিক্রি হচ্ছে।