২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ

বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী নিট মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 11:41 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার রাজধানীর নিকেতনে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০১৮ সালের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন।

তিনি জানান, এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা (কর পরিশোধের পর) ১৩৮ কোটি ৩ লাখ টাকা, যা ২০১৭ সালের একই সময়ে ছিল ১২৬ কোটি ৭ লাখ টাকা। সেই সাথে এককভাবে নিট মুনাফা ২০১৭ সালের প্রথম প্রান্তিকে ছিল ১১১ কোটি ৮ লাখ টাকা, যা ২০১৮ সালে বৃদ্ধি পেয়ে ১২৪ কোটি ৭ লাখ টাকায় উন্নীত হয়েছে।   

এ সময়ের মধ্যে সমন্বিত ভিত্তিতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৮ টাকা, যা পূর্ববর্তী বছরের ওই সময় ছিল ১ দশমিক ৩৪ টাকা। একই সময়ে একক ভিত্তিতে শেয়ার প্রতি আয় হয়েছে ১ দশমিক ৪৫ টাকা, যা আগের বছরের ওই সময়ে ছিল ১ দশমিক ১৩ টাকা।

২০১৮ সালের মার্চ শেষে প্রতি শেয়ারে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) সমন্বিতভাবে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৪ টাকা, যা ২০১৭ সালের ডিসেম্বরে ছিল ২৭ দশমিক ৪১ টাকা। এককভাবে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২০১৮ সালের মার্চ শেষে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯০ টাকা, যা ২০১৭ সালের মার্চ শেষে ছিল ২৬ দশমিক ৪১ টাকা।   

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এ কে জোয়াদ্দার, হেড অব ট্রেজারি শাহীন ইকবালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।