ওয়ালটনের দেশে তৈরি ফিচার ফোন বাজারে
স্মার্টফোনের পর এবার দেশে সংযোজিত ফিচার ফোন বাজারে ছেড়েছে প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, তাদের ‘ওলভিও এমএম১৭’ মডেলের এই ফোন সেটের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে।
ওয়ালটন বলছে, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফিচার ফোনে মিলবে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। ইন্টারনেট ব্রাউজিংসহ ভিডিও দেখা বা গান শোনা যাবে ।
ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা থেকে তারা ইতোমধ্যে ৬ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছেন। তবে দেশে সংযোজিত ফিচার ফোন এটাই প্রথম।
ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ২ দশমিক ৪ ইঞ্চি উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা। পছন্দের গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনে।
নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে ১ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি।
