পাঠাও অ্যাপে যুক্ত হচ্ছে ওয়ালেট
মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও তাদের অ্যাপে নতুন করে যুক্ত করতে যাচ্ছে ওয়ালেট সেবা, যা ডিজিটাল লেনদেনের নতুন সুযোগ সৃষ্টি করবে।
আগামী মাস থেকে পাঠাও অ্যাপে এই ওয়ালেট সার্ভিস যুক্ত হবে বলে জানিয়েছেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
পাঠাওয়ের ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঠাওয়ের ওয়ালেট হবে এক ধরনের প্রি-পেমেন্টে সার্ভিস। পাঠাও অ্যাপের সঙ্গে এই ওয়ালেট সেবা যুক্ত থাকবে। গ্রাহকরা পাঠাও কিংবা পাঠাও ফুড সার্ভিসের পেমেন্টের ক্ষেত্রে এই ওয়ালেট ব্যবহার করতে পারবেন।
আগামী মাসে এই সার্ভিসের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান তিনি।
এদিকে ব্যবসা সম্প্রসারণে ইন্দোনেশিয়ার সুপরিচিত রাইড শেয়ারিং কোম্পানি ‘গো-জ্যাক’র বিনিয়োগ নিচ্ছে পাঠাও। ইতোমধ্যেই গত বছর তারা গো-জ্যাকের ‘প্রি-সিরিজ এ’ বিনিয়োগ হাতে পেয়েছে প্রতিষ্ঠানটি।
প্রথম ধাপে কোম্পানিটি দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে ডিয়েলস্ট্রিট এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়।
তবে চূড়ান্ত পর্বে কত টাকার বিনিয়োগ আসছে সে বিষয়ে অচিরেই জানানো হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন পাঠাওয়ের সিইও হুসাইন এম ইলিয়াস।
এ বিষয়ে তিনি বলেন, বিদেশি এই বিনিয়োগের ফলে আরও নতুন নতুন শহরে পাঠাওয়ের সেবা বিস্তৃত করার পরিকল্পনা করছেন তারা।
ওয়ালেট সেবা সম্পর্কে ইলিয়াস বলেন, ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট ও অন্যান্য আর্থিক সার্ভিস থেকে গ্রাহক এই ওয়ালেটে টপআপ করতে পারবেন।
ঢাকা শহরের ভেতরে দুই বছর আগে অ্যাপের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের সেবা নিয়ে শুরু হওয়া পাঠাও কিছুদিন পর যুক্ত হয় মোটরবাইক শেয়ারিংয়ের ব্যবসায়। পরে কার শেয়ারিং সেবাও চালু করে তারা। চলতি বছরের শুরুতে বাসাবাড়িতে খাবার সরবরাহের সেবাও চালু হয় পাঠাওয়ের অ্যাপে।
