বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ নিয়ে ডেনমার্কে সেমিনার
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জনের পথে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ খুঁজতে ডেনমার্কে এক সেমিনারে আলোচনা করেছেন সংশ্লিষ্টরা।
সোমবার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে কেপেনহেগেনের স্থানীয় এশিয়া হাউসে ওই সেমিনারে ডেনিশ বিনিয়োগকারী ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, প্রবাসী বাংলাদেশি উদোক্তা, সুশীল সমাজ ও সংবাদমাধ্যমের প্রতিনিধি, কূটনীতিক ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা অংশ নেন।
এশিয়া হাউসের নির্বাহী পরিচালক সুজান হাক্কার্পের সঞ্চালনায় আলোচনার শুরুতেই উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের পথে বাংলাদেশের অসাধারণ অর্জন নিয়ে জাতিসংঘের মহাসচিবের একটি প্রশংসাসূচক ভিউিও বার্তা প্রদর্শন করা হয়।
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির নরডিক অঞ্চলের পরিচালক কামিলা ব্রুক্নার তার মূল প্রবন্ধে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশের অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য অধিকতর বেসরকারি বিনেয়োগ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দেন।
পরে ডেনিশ বিনিয়োগ প্রতিষ্ঠান হেলডর টপসের জ্যেষ্ঠ উপদেষ্টা উলরিক ফেডেসপেল বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সুযোগ ও পরিবেশ সম্পর্কে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন।
১৯৭৮ সাল থেকে হেলডর টপসে বাংলাদেশে বিনিয়োগ করে আসায় তার বর্ণনায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অভিজ্ঞতা উপস্থিত বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের ক্রমবর্ধনশীল অর্থনীতির শক্তিশালী দিক এবং ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
তিনি উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণে চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য ডেনিশ বিনিয়োগকারীদের সরাসরি বৈদেশিক বিনিয়োগ, যৌথ বিনিয়োগ ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় অধিকতর অংশগ্রহণের আহ্বান জানান।
সবুজ প্রযুক্তিতে ডেনমার্কের অনন্য অভিজ্ঞতার প্রশংসা করে বাংলাদেশে এই খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার সুযোগ নেওয়ার জন্যও ডেনিশ বিনিয়োগকারীদের প্রতি তিনি আহ্বান জানান।
পরে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে বক্তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও পরিবেশ সংক্রান্ত নানা জিজ্ঞাসার জবাব দেন।
দূতাবাসের আয়োজনে একটি চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
