শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের সাড়ে ২৩ কোটি টাকা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ৬৮৬ টাকা জমা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সচিবালয়ে বুধবার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
গ্রামীণফোন ২০১৩ সাল থেকে শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে আসছে। এই তহবিলে এ পর্যন্ত ৯৪ কোটি দুই ৫৮ হাজার ৬৮ টাকা দিল কোম্পানিটি।
অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী চুন্নু বলেন, শ্রম আইন মেনে যদি প্রতিটি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দেয় তবে কোনো শ্রমিক অসহায় থাকবে না।
শ্রমিকদের কথা মাথায় রেখে বড় বড় কোম্পানিগুলোকে এই তহবিলে তাদের লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।
বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হচ্ছে।
এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
শ্রম সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আওয়াল, গ্রামীণ ফোনের পরিচালক সৈয়দ তানভীর হোসেন ও উপ-পরিচালক কে এম সাব্বির আহমেদ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
