প্যারিসে চামড়া পণ্যের প্রদর্শনীতে যাচ্ছে বাংলাদেশ
ইউরোপীয় বাজারে পণ্য প্রদর্শনীর প্ল্যাটফর্ম ‘টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিং প্যারিসের’ পাশাপাশি এবছর প্রথমবারের মত শুরু হওয়া চামড়া ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী ‘লেদারওয়ার্ল্ড প্যারিসে’ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রদর্শনীগুলোর আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্টের প্রেসিডেন্ট মাইকেল শার্পে।
তিনি জানান, প্রতি বছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে ফ্যাব্রিক, ডেনিম ও অ্যাপারেল বা তৈরি পোশাক নিয়ে ‘অ্যাপারেল সোর্সিং ও টেক্সওয়ার্ল্ড প্যারিস’ আয়োজন করে মেসে ফ্রাঙ্কফুর্ট, যাতে প্রতিবছর বাংলাদেশ অংশ নেয়।
এবারই প্রথম চামড়া ও চামড়াজাত পণ্য নিয়ে লেদারওয়ার্ল্ড প্যারিস আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১৭ থেকে ২০ সেপ্টেম্বর প্যারিসের লো বুগেত এক্সিবিশন সেন্টারে একই ছাদের নিচে চলবে প্রদর্শনীগুলো, যাতে বাংলাদেশের ৮-১০টি প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজকরা।
মাইকেল শার্পে বলেন, “চামড়ার উৎস্যের জন্য এশিয়া খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশ চামড়াশিল্পে এখন অনেক এগিয়ে, লেদারওয়ার্ল্ডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আমরা বেশ আশাবাদী।”
